২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের সাতদফায় সুবিদের আস্থা

দুর্নীতি দমনে সেনা প্রধান জেনারেল মইন উ আহমদের সাত দফা সুপারিশকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুর্নীতি দমনে সেনা প্রধান জেনারেল মইন উ আহমদের সাত দফা সুপারিশকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর আগে প্রসাশনের সংস্কার প্রয়োজন। রাজধানীর পুরনো ডিওএইচএস এ নিজ বাসভবনে শনিবার দুপুরে বিভিন্ন প্রচার মাধ্যমের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"দু'নেত্রী থাকবেন কি থাকবেন না তা কাউন্সিলেই সিদ্ধান্ত হবে।" সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সাত দফা সুপারিশকে অভিনন্দন জানিয়ে সাবেক এই মেজর জেনারেল বলেন,"আমি তার সাত দফার সঙ্গে একমত। এতেই দুর্নীতি নির্মূল হবে।" সুবিদ আলী ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর চেয়ে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, শিক্ষা কমিশনসহ সরকারের বিভিন্ন যন্ত্রের সংস্কার প্রয়োজন। তিনি বলেন,"এগুলোর সংস্কার হলে আর দলে সংস্কারের প্রয়োজন নেই। দলের চেয়ে প্রশাসনে সংস্কার বেশি জরুরি।" তিনি বলেন,"একটা ভালো রাজনৈতিক দল দেশের জন্য সম্পদ। মাইনাস আর প্লাস করতে গিয়ে দলগুলো ভাঙ্গবে। আর, দলগুলো ভাঙ্গলে একটা রাজনৈতিক শূণ্যতার সৃষ্টি হবে। তখন সেই শূণ্যতা পূরণ করবে উগ্রবাদীরা।" জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তা আছে জানিয়ে তিনি বলেন,"মানুষের ধারণা, জাতীয় নিরাপত্তা কাউন্সিল হলে সেনাবাহিনী সব ক্ষমতা নিয়ে নেবে। এটা ভ্রান্ত ধারণা। নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা উপদেশ দেবে।" তার মতে, জাতীয় নিরাপত্তা কাউন্সিল দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জটিল পরিস্থিতিতে সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে পারবে। বিরোধী দলীয় নেতা সহ তিন বাহিনীর প্রধান নিরাপত্তা কাউন্সিলের সদস্য হতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন নয়। কারণ বাংলাদেশের প্রতিবেশী হলো ভারতের মতো একটা অনুকরণীয় দেশ। এ প্রসঙ্গে তিনি বলেন," আল্লাহর রহমত আমরা ভারতের মতো প্রতিবেশী পেয়েছি। আমাদের স্বাধীনতায় তাদের অবদান রয়েছে।" যারা বড় দলগুলোর নেতৃত্বে রয়েছেন তাদের ব্যর্থতার দায়ভার নিয়ে সরে যাওয়া উচিত বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল বোস যে বক্তব্য দিয়েছেন তার জবাবে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন," এটা মুকুল বোসের নিজের কথা। তার এই কথায় আমি ব্যথিত হয়েছি। আমার মনে হয় না, তার এই কথায় আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়েছে।" আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের সংস্কার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন," তারা পরীক্ষিত নেতা। তারা তাদের নিজেদের মতামত দিয়েছেন। তবে, তাদের দিয়ে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। আর, মরে গেলেও তারা আওয়ামী লীগ ছাড়বে না। কিন্তু, তারা তাদের এই প্রস্তাব দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থাপন করলেও পারতেন।" রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা দেওয়া উচিত বলে নিজ দলের সভাপতিমন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত যে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করে সুবিদ আলী ভূইয়া বলেন, সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই নির্বাহী ক্ষমতা থাকবে। রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা দেওয়া হলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই প্রস্তাবকে অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তিনিও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য চান। শেখ হাসিনার চলাচলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,"সরকারের কি ইচ্ছা তা বুঝতে পারছি না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৭০০ ঘ.