ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল জলিল। বৃহস্পতিবার বেলা ১১ টায় জলিলের গুলশানের বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্ত্রী রেহানা জলিল সাংবাদিকদের কাছে কারাবন্দী এই নেতার প্রধান উপদেষ্টা বরাবর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা সম্বলিত চারপাতার চিঠির অনুলিপি সাংবাদিকদের কাছে দেন।
চিঠিতে জলিল আওয়ামী লীগ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের কড়া সমালোচনা করেন এবং সরকারের কর্মকান্ডের প্রতি সমর্থন জানিয়ে তাদের কাজে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
রেহানা জলিল সরকারের কাছে স্বামীর মুক্তির আবেদন জানিয়ে একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে পড়ে শোনান। আব্দুল জলিল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্দী অবস্থায় চিকিৎসাধীন আছেন। রেহানা জলিল তার স্বামীর মুক্তির জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন।
কারাগার থেকে পাঠানো চিঠিতে জলিল বলেছেন, "আমার শারীরিক কারণে আমার পরিবারের এবং ছোট ছোট ছেলেদের মুখ চেয়ে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এ অবস্থায় মানবিক কারণে আমার আটকাদেশ বর্ধিত না করে আমাকে মুক্তির নির্দেশ দিতে যেন সরকারের আজ্ঞা হয়।"
রেহানা জলিল সাংবাদিকদের বলেন, স্বামীর মুক্তির জন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন।
লিখিত বক্তব্যে জলিল আওয়ামী লীগে সভানেত্রী শেখ হাসিনার এককেন্দ্রিক নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "আওয়ামী লীগকে এককেন্দ্রিক নেতৃত্ব থেকে মুক্ত করা না গেলে তা দলের এবং দেশের ক্ষতির কারণ হয়ে যাবে। এর আশু পরিবর্তন হওয়া প্রয়োজন। এভাবে দল চলছিলো বলে অনেক ভুল-ভ্রান্তি, ক্ষতি হয়েছে। অনুপযুক্ত, আদর্শহীন, সুবিধাবাদী, স্বার্থপর মানুষরা দলে প্রাধান্য পেয়েছে।" বিস্তারিত জানিয়েছেন কামরান রেজা চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন,"আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। কিন্তু আমাদের কারণে দলটি আজ গণতান্ত্রিক চরিত্র হারিয়ে একনায়ক কেন্দ্রিক দলে পরিণত হয়েছে। সকলে মিলে সভানেত্রীকে তোষণ করে তাকে সর্বময় কর্তৃত্ব দেয়ার ফলে দলে গণতান্ত্রিক চরিত্র ধ্বংস হয়ে যায়। সভানেত্রী তার কর্তৃত্ব এমনভাবে ব্যবহার করেছেন যেখানে তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো পরিবেশ বা সুযোগ ছিলো না। কারো আপত্তি শুনতে তিনি রাজি ছিলেন না। ফলে আজকে দলে এই বিপর্যয়, এই অবস্থা। আমি কাউন্সিল অধিবেশনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সভানেত্রীর ইচ্ছা ও নির্দেশনা অনুযায়ী চলতে হয়েছে। অনেক সময় বুঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। দলের স্বার্থে কোনো মতানৈক্য যাতে দেখা না দেয় সে কারণে তার নির্দেশ মোতাবেক আমার বিবেকের বিরুদ্ধে কাজ করেছি।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি অত্যন্ত সম্মানের এবং মর্যাদার উল্লেখ করে চিঠিতে আব্দুল জলিল বলেছেন, "লক্ষ লক্ষ নেতাকর্মী সম্মান করে, ইজ্জত দেয়। সামাজিকভাবে এই বিশাল সম্মানের লোভ সংবরণ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। এর জন্য আমি দু:খিত, লজ্জিত।"
সরকারের দুর্নীতিবিরোধী কালো টাকার প্রভাবমুক্ত সংসদ, সন্ত্রাসমুক্ত সংসদ প্রতিষ্ঠার কর্মসূচীকে ঐকান্তিক ভাবে সমর্থন করে চিঠিতে জলিল আরও বলেছেন "এ লক্ষ্য পূরণে যদি কোনো সুযোগ আমার থাকে তা পালন করতে আমি প্রস্তুত।"
রেহানা জলিল সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বামীকে বাঁচার সুযোগ দেওয়ার আবেদন জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, "আব্দুল জলিলের জীবন সঙ্কটাপন্ন। তিনি অতি কষ্টের মধ্যে কারাজীবনে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। এ অবস্থায় তাকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাই।"
গত ২৮ মে বেলা পৌনে ৪টার দিকে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জলিলকে নিয়ে যায় যৌথবাহিনী। গ্রেপ্তারের একদিন ২৯ মে পর আব্দুল জলিলকে জরুরি আইন লংঘনের অভিযোগে চারদিন রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। জলিলকে গ্রেপ্তার করার পর মতিঝিল থানায় জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।
পুলিশের অভিযোগ, আব্দুল জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে থেকে জণগনের স্বার্থবিরোধী ও দেশের নিরাপত্তা বিপন্নকারী হিসেবে কাজ করেছেন। তার উস্কানিমূলক বক্তব্য দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে।
আব্দুল জলিল ২০০২ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০০১ সালের নির্বাচনসহ জলিল তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৩ সালের প্রথম সংসদে এবং ১৯৮৬ সালের তৃতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবনে তিনি তৎকালীন ছাত্রলীগের মাধ্যমে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন।
মূল দলে যোগদানের আগে তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। একটানা ১৬ বছর তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬-২০০১ মেয়াদে সাবেক আওয়ামীলীগ সরকারে তিনি বানিজ্যমন্ত্রী ছিলেন।
আব্দুল জলিল ১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৪ সালে মাস্টার্স পাশ করেন।
ইংল্যান্ডের লিংকনস ইন এ ব্যারিস্টারি পড়ার সময় তিনি দেশে ফিরে আসেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধে তিনি ৭ নম্বর সেক্টরে বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং উত্তরাঞ্চলের মুত্তিযুদ্ধে নেত্বত্ব দেন।
স্বাাধীনতার পর তিনি মুত্তিযোদ্ধা কল্যান ট্রাস্টের পরিচালকের দায়িত্ব পালন করেন। কারাগারে যাওয়ার আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেএফ/আরএ/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24