২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদার আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

হাইকোর্ট অ্যাডভোকেট সিগমা হুদার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে। আবেদনে সিগমা উল্লেখ করেন, তিনি মানব পাচার বিষয়ক জাতিসংঘের বিশেষ তথ্যসংগ্রাহক ও প্রতিবেদক (রেপোটিয়ার) হওয়ায় গ্রেপ্তার কিংবা আটকাদেশ থেকে রেহাই পাওয়ার অধিকার পেতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হাইকোর্ট অ্যাডভোকেট সিগমা হুদার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে। আবেদনে সিগমা উল্লেখ করেন, তিনি মানব পাচার বিষয়ক জাতিসংঘের বিশেষ তথ্যসংগ্রাহক ও প্রতিবেদক (রেপোটিয়ার) হওয়ায় গ্রেপ্তার কিংবা আটকাদেশ থেকে রেহাই পাওয়ার অধিকার পেতে পারেন। সহকারি এটর্নি জেনারেল আবদুস সামাদ কামাল সময়ের আবেদন জানানোয় বিচারপতি এবিএম খাইরুল হক এবং মো. আসফাকুল ইসলামের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আবদুস সামাদ সময়ের আবেদনে বেঞ্চকে জানান, অতিরিক্ত এটর্নি জেনারেল সিগমা হুদার আবেদনের ব্যাপারে রাষ্ট্রের পক্ষে দাঁড়াবেন। তাই সময়ের প্রয়োজন। সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা তার আবেদনে বলেন, জাতিসংঘ সনদের ৬ ধারায় বলা হয়েছে জাতিসংঘ রেপোটিয়ারকে আটক কিংবা গ্রেপ্তার করা যাবে না। কিউসি আজমালুল হোসেন তার পক্ষে এ মামলা পরিচালনা করবেন। এদিকে, প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের আরেকটি অবকাশকালীন বেঞ্চ সিগমা হুদার দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারের একটি আপিলের শুনানি করবে বুধবার। ওই দুর্নীতি মামলায় সিগমা হুদা জামিন চাইলে তাকে আট সপ্তাহের মধ্যে ঢাকার একটি ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার জন্য হাইকোর্ট আদেশ দেয়। এটর্নি জেনারেল ফিদা এম. কামাল সরকারের পক্ষে আপিল পরিচালনা করবেন। সিগমা হুদার পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী টি. এইচ. খান। মীর জহির হোসেন নামে সড়ক ও জনপথ এর এক ঠিকাদার সিগমা হুদা এবং নাজমুল হুদার বিরুদ্ধে তার কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/২২৫৮ ঘ.