ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতি নিয়েই দলের কাউন্সিল ডাকতে চান বিএনপির 'সংস্কারপন্থি' নেতারা।
সোমবার দুুপুরে গুলশানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে দেখা করে 'সংস্কারপন্থি'দের অন্যতম নেতা বলে পরিচিত যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, ''গঠনতন্ত্রে যেভাবে কাউন্সিল আহবান করা হয়, সেভাবে তা হবে। দলীয় চেয়ারপারসনের অনুমতি নিয়ে কাউন্সিল ডাকা হবে।''
শুলশানে মান্ন্না ভূঁইয়ার বাসায় সোমবার বরিশাল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, দিনাজপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জের দলীয় নেতারা তার সঙ্গে দেখা করেন। মহাসচিব মান্নান ভুঁইয়া তাদের এলাকায় গিয়ে সংস্কারের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান সাংবাদিকদের বলেন, ''দলীয় চেয়ারপারসনের সঙ্গে আমাদের কোনো প্রকার বিরোধ নেই। তিনিও সংস্কার চান, আমরাও চাই। দলের কাউন্সিলে মহাসচিবের ঘোষিত খসড়া প্রস্তাব চূড়ান্ত হবে। মহাসচিব চেয়ারপারসনের সঙ্গে দেখা করে সংস্কারের খসড়া প্রস্তাব চূড়ান্ত করবে।''
আশরাফ হোসেন বলেন, কাউন্সিল তারিখ নির্ধারণের ১৫ দিন আগেই কাউন্সিলরদের অবহিত করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফার ডটকম/এসএম/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24