২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে রাজশাহীতে চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু

আগামী জুলাই মাসে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী জুলাই মাসে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন। রাজশাহীর পর ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার কাজ শুরু হবে খুলনা সিটি করপোরেশ এলাকায়। আর আগস্টে সারাদেশেই এ কাজ চলবে। একইসঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র তৈরির কাজও এগিয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। তিনি বলেন, "বর্ষা মৌসুমে দেশের প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির কাজে সমস্যা হবে। এ কারণে প্রথম দিকে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন এলাকা বেছে নেওয়া হয়েছে। তাছাড়া ওই করপোরেশনগুলোর নির্বাচনের সময়ও পার হয়ে গেছে।" গাজীপুরের শ্রীপুরে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির চলমান পাইলট প্রকল্প প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "যদি দেখি, শ্রীপুরে সঠিকভাবে ভোটার তালিকা হয়েছে, তাহলে ওই তালিকাই চূড়ান্ত হিসেবে নেওয়া হবে।" ছবিসহ ভোটার তালিকার জন্য ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশ সংশোধন করা হবে বলেও জানান তিনি। সিইসি আরো বলেন, "যদি দেখা যায় শ্রীপুরে একইসঙ্গে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে বেশি সময় লেগে যাচ্ছে, তাহলে ভোটার তালিকার কাজটাই আগে করা হবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র হয়তো দু'একদিন পরে দেওয়া হবে।" ঘরোয়া রাজনীতি শুরু না হওয়ায় নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারছে না। এ অবস্থা সংস্কার আইন চূড়ান্ত করার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, "আমরা জুলাই মাসে আইন সংস্কারের বিষয়টি চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু এ কাজটি নভেম্বর--ডিসেম্বরে হলেও তো কোনো সমস্যা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে আমরা তো জোর করে কিছু করতে পারি না।" বিদেশে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর শাখা খোলা নিষিদ্ধ করা হবে জানিয়ে শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "দলগুলোর বিদেশ শাখা নিজেদের মধ্যে ঝগড়া--বিবাদ করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কারো কাম্য নয়। তাছাড়া ভারতসহ প্রতিবেশী দেশগুলোর কোনো দলেরই বিদেশে এরকম শাখা নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএইচবি/১৮৫৫ ঘ.