মুন্সিগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মুন্সিগঞ্জে আরও দুটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। (আরও তথ্যসহ)
সড়ক ও জনপথ বিভাগের সাড়ে ১২ কোটি টাকা ক্ষতির অভিযোগে মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী পিয়ার মোহাম্মদ রোববার রাতে সদর থানায় প্রথম মামলাটি দায়ের করেন। পরে সোমবার বিকাল ৪টায় শ্রীনগর থানায় ৪ কোটি ৫৩ লাখ টাকা ক্ষতির অভিযোগ এনে দ্বিতীয় মামলাটি দায়ের করেন সওজ মুন্সিগঞ্জের শ্রীনগর অঞ্চলের সাবেক উপ সহকারী প্রকৌশলী তৈয়বুর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ নেয়াজী জানান, বাদী তার অভিযোগে বলেছেন, ২০০৫ সালের ২২ মে থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চার মাসে নাজমুল হুদা ক্ষমতার অপব্যবহার করে এবং সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ কার্যালয়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তার নির্বাচনী এলাকায় সাতটি সড়ক নির্মাণের জন্য দরপত্র ডাকেন। এতে সরকারের ১২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়।
এদিকে অপর মামলাটির বিষয়ে শ্রীনগর থানার উপ--পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ব্যারিস্টার হুদা ৪ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার ক্ষতিসাধন করেন বলে বাদী তৈয়বুর রহমান তার এজাহারে উল্লেখ করেছেন। বাদী বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত।
এর আগে গত ১ জুন সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলা করেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএল/এসএনডি/এসডি/১৭২৬ ঘ.
bdnews24