ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দলে সংস্কারের বিষয়ে ট্রয়কা প্রতিনিধি দলকে নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তবে এ প্রক্রিয়ায় শুরু করতে হলে রাজনৈতিক তৎপরতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি বলে তারা মনে করেন।
শনিবার সকালে জার্মান রাষ্ট্রদূতের বাসায় ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।
ট্রয়কা প্রতিনিধি দলের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে আমরা নিজ দলে সংস্কার শুরু করার বিষয়ে নিশ্চয়তা দিয়েছি। তবে এজন্য রাজনৈতিক অধিকার দরকার। এখন যে বিধিনিষেধ রয়েছে তা তুলে নিলে আমরা দলের মধ্যে কথা বলার সুযোগ পাব।
আব্দুর রাজ্জাক বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। ট্রয়কা প্রতিনিধি দলকে আমার এ কথাও জানিয়েছি।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন ও সরকারের আলোচনার প্রয়োজন। তাই অবিলম্বে রাজনৈতিক তৎপরতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া দরকার। এই বক্তব্যের সঙ্গে ট্রয়কা প্রতিনিধি দলও একমত বলে তিনি জানান।
তোফায়েল বলেন, আলোচনা ছাড়া নির্বাচন কমিশন যে সংস্কার করছে তাতে রাজনীতিবিদদের মতের প্রতিফলন ঘটবে না। এতে করে কার্যকর সিদ্ধান্তও নিতে পারবে না কমিশন।
সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
এর আগে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ট্রয়কা দলের সঙ্গে বৈঠক করেন।
পরে মাহফুজ আনাম জানান, রাজনীতি ও সংস্কার নিয়ে তাদের কথা হয়েছে।
বডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসএনডি/১২২৮ ঘ.
bdnews24