২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলসহ নয় শীর্ষ রাজনীতিবিদ, ব্যবসায়ী গ্রেপ্তার

সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত ১৫ ঘন্টার কম সময়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিএনপি-জামায়াত জোটের সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ও শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুসহ সাত রাজনীতিবিদ ও দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 11:18 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

আটক হওয়া অন্য নেতারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান বিএনপির সাবেক সাংসদ এম এ হাসেম। এছাড়া বরিশালের মেয়র মজিবর রহমান সারোয়ার, কুষ্টিয়ায় বিএনপির সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ সারাদেশে আরও কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আব্দুল জলিলের গ্রেপ্তারের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করে দলের সব নেতাকর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

আবদুল জলিলকে সোমবার বেলা পৌনে ৪টার দিকে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। জলিলকে আটক করার পরপরই মার্কেন্টাইল ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর বিডিনিউজ২৪.কমকে বলেন, পৌনে ৪টার দিকে দুজন সেনা কর্মকর্তা এসে কিছু কথা আছে বলে আবদুল জলিলকে নিয়ে যান। জলিল ওই সময়ে ব্যাংকের পরিচালানা পর্যদের বৈঠকে ছিলেন।

এরপর রাতে যৌথবাহিনী তার গুলশানের বাড়িতে দুই ঘণ্টা তল্লাশি চালায়। গুলশান থানার উপ পরিদর্শক হেলাল বিডিনিউজ২৪.কমকে জানান, “তার বাড়ি থেকে চার-পাঁচটি পাসপোর্ট, জমির দলিল ও ব্যাংকের চেক জব্দ করা হয়েছে।” যৌথবাহিনীর অভিযান শেষ হলে জলিলের গাড়িচালক জহিরুল ইসলাম ফারুক ও আত্মীয় শাহজাদ রাজীব বাড়ির সামনে বিডিনিউজ২৪.কম প্রতিবেদক আবু নোমান সজীবকে জানান, “যৌথবাহিনী সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়িতে তল্লাশি চালিয়েছে।”

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গুলশানের ২ নং সড়কের বাসা থেকে বেলা ৪টা ৫ মিনিটে নিয়ে যায় যৌথবাহিনী। তার ব্যক্তিগত সহকারী শফিউর রহমান শামসু সোয়া ৪টায় বিডিনিউজ২৪.কমকে বলেন, ‘‘স্যারকে যৌথবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে নিয়ে গেছেন। স্যার ওই সময়ে বিশ্রামে ছিলেন।’’

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার ছোট ভাই গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

পটলের ছোট ভাই হারুনর রশিদ বাবু মঙ্গলবার বিডিনিউজ২৪.কমকে বলেন, “সোমবার রাত ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাদের রামপুরা বনশ্রীর বাড়িতে আসে। পুরো বাড়িতে তারা তল্লাশি চালিয়ে ভোর পৌনে পাঁচটার দিকে বড় ভাইকে নিয়ে চলে যায় তারা।”

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম বিডিনিউজ২৪.কমকে এ খবরটি নিশ্চিত করে বলেছেন, “ভোর চারটার দিকে আমাদের ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে যৌথবাহিনী। এরপর বাবাকে তারা সঙ্গে নিয়ে যায়।”

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাসেমকে দুপুর ৩টায় তার গুলশানের কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। এম এ হাসেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো বিডিনিউজ২৪.কমকে জানান দুপুর ৩টার দিকে তার বাবাকে নিয়ে যাওয়ার সময় যৌথবাহিনীর কর্মকর্তারা কোনো কারণ জানাননি।

সিলেট নগরীর গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সোমবার মাঝরাতে আটক করা হয় সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে। সিলেটের আলোচিত কিচেন মার্কেট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৮ মে তিনি অর্ন্তবর্তী জামিনে মুক্তি পান।

গুলশান রেস্টুরেন্টের ম্যানেজার সিবুল চন্দ্র দাশ রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ২৪.কমকে বলেন, “রাত ১২ টার দিকে তিনটি গাড়িতে যৌথবাহিনীর সদস্যরা এসে হোটেলের প্রবেশপথ থেকে মেয়রকে ধরে নিয়ে যায়।”

মেয়রের স্ত্রী আসমা কামরান বিডিনিউজ২৪.কমকে বলেন, “হোটেল গুলশান থেকে যৌথ বাহিনীর সদস্যরা আমার স্বামীকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে তাকে এখন কোথায় রাখা হয়েছে বা কিভাবে রাখা হয়েছে তা আমরা জানি না।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুবুল আলম বিডিনিউজ২৪.কমকে বলেন, “স্থানীয় থানার পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে মেয়রকে আটকের কথা জানতে পেরেছি। এ ব্যাপারে যৌথ বাহিনীর পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।”

রাত দেড়টায় কামরানের বাসভবনে যৌথবাহিনী তল্লাশি শুরু করে। এ ব্যাপারে পুলিশের এক কর্মকর্তা বলেন, মেয়রের বাসা থেকে নগদ এক লাখ টাকা, ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে যৌথবাহিনী।

মেয়র কামরানকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় যৌথবাহিনী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে। তার বাসার একজন কর্মচারী বিষয়টি বিডিনিউজ২৪.কমকে নিশ্চিত করেছেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকেও মঙ্গলবার ভোররাতে আটক করা হয়।

যৌথবাহিনী রাত ৩টা ৩৮ মিনিটে তাকে গুলশান ২ নম্বরের ৬৭ নম্বর সড়কের ৬/১ নম্বর বাসা থেকে তাকে আটক করে বলে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ২৪.কম এর সিনিয়র প্রতিবেদক এহসানুল হক বাবু ও প্রতিবেদক আবু নোমান সজীব জানান।

রাত সোয়া একটায় যৌথবাহিনী আলতাফ হোসেনের বাসায় প্রবেশ করে। ৬৪ বছর বয়সী আলতাফ হোসেনকে যৌথবাহিনী একটি জিপে করে নিয়ে যায়। এ সময় সাবেক মন্ত্রী সাদা পাঞ্জাবি পরা ছিলেন।

অভিযানের সময় সাংবাদিকদের বাড়ির কাছে যেতে দেওয়া হয়নি। যৌথবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর সাংবাদিকরা জোট সরকারের বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের বাড়িতে গেলে কেউ কোনো কথা বলেননি।

আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর দুটি বাড়িতেও মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় যৌথবাহিনী। এই অভিযানে দুটি বন্দুক, ৯৯ রাউন্ড গুলি, ৯৩৩ পিস শাড়ি ও ১৬০ পিস লুঙ্গি উদ্ধার করা হয়। অবশ্য অস্ত্রগুলোর লাইসেন্স বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সোমবার রাত দেড়টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে বনানী নৌবাহিনী সদর দপ্তরের সামনের রাস্তা থেকে আটক করে যৌথবাহিনী। তার ছোট ভাই মো. আকবর হোসেন বিডিনিউজ২৪.কমকে জানান, জয়পুরহাট থেকে ফেরার সময় আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদের কথা বলে যৌথবাহিনী আটক করে নিয়ে যায়।