ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে মঙ্গলবার ভোর রাতে যৌথবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেছে।
যৌথবাহিনী রাত ৩টা ৩৮ মিনিটে তাকে গুলশান ২ নম্বরের ৬৭ নম্বর সড়কের ৬/১ নম্বর বাসা থেকে আটক করে বলে ঘটনাস্থলে উপস্থিত নফহবংি২৪.পড়স এর সিনিয়র প্রতিবেদক এহসানুল হক বাবু ও প্রতিবেদক আবু নোমান সজীব জানান।
সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ চার রাজনীতিবিদকে আটকের পর গভীর রাতে বিমান বাহিনী প্রধানের পদ থেকে অবসর নেওয়ার পর বিএনপি রাজনীতিতে যোগ দেওয়া আলতাফকে আটক করা হলো।
২০০১ সালের নির্বাচনে জিতে জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্কিত হন তিনি। সন্ত্রাসীদের গুলিতে রাজধানীতে বাবার কোলে শিশু নওশীনের মৃত্যুকে 'আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে' বলে মন্তব্য করে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হন আলতাফ।
রাত সোয়া একটায় যৌথবাহিনী আলতাফ হোসেনের বাসায় প্রবেশ করে। ৬৪ বছর বয়সী আলতাফ হোসেনকে যৌথবাহিনী একটি জিপে করে নিয়ে যায়। এ সময় সাবেক মন্ত্রী সাদা পাঞ্জাবি পরা ছিলেন। তবে জিপটি কার তা নিশ্চিত হওয়া যায়নি। যৌথবাহিনীর সদস্যরা পাঁচটি গাড়িতে করে তার বাড়িতে অভিযান চালাতে আসেন।
অভিযানের সময় যৌথবাহিনীর সদস্যরা সাংবাদিকদের বাড়ির কাছে যেতে দেয়নি। যৌথবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর সাংবাদিকরা জোট সরকারের বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী আফতাফ হোসেনের বাড়িতে গেলে কেউ কোনো কথা বলেন নি। দরজায় কড়া নাড়লেও কেউ দরজা খোলেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএনএস/এমএইচএস/জিএনএ/০৩৫৯ঘ.
bdnews24