২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভুটানের রাষ্ট্রদূত দাশো জিগমে তুশলতিম রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

জিগমে তুশলতিম সকালে ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে এবং বিকালে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তুশলতিম সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করে বলেন, ভুটান অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই বাংলাদেশে রপ্তানি শুরু করবে। তিনি বলেন, “ভুটান ৩৩ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তবে এই মুহূর্তে আমরা দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি।” তিনি জানান, উৎপাদিত বিদ্যুতের ২৫ শতাংশ ভারতে রপ্তানি করা হচ্ছে।

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সাফল্য কামনা করে তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।”

বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের সময় বিএনপির উপদেষ্টা রিয়াজ রহমানও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জানুয়ারি মাসে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল ডোনাল্ড ম্যাককিনন ক্যান্টনম্যান্টের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কোনো বিদেশি কূটনীতিক প্রথম ওই বাসায় গেলেন।

যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস গত শুক্রবার হোটেল শেরাটনে খালেদা জিয়ার সাক্ষাৎ করেন।