২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদরা এখন অতিমাত্রায় কূটনৈতিকদের ওপর নির্ভরশীল: মাহমুদুর রহমান মান্না

যে কোনোভাবে নির্বাচনে জেতাটাই এখন রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য। আর তাই বাছবিচার ছাড়াই মনোনয়ন দেওয়া হচ্ছে কালোটাকার মালিকদের। রাজনীতিবিদরা অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছেন কূটনৈতিকদের ওপর। এমনকি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও দলে সংস্কার নিয়ে আলোচনা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের দূত প্যাট্রিসিয়া বিউটেনিসের তাগিদের পর থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 02:37 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসু এর সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান মান্না নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক সুমন মাহবুবকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালিতে নিজের বাণিজ্যিক কার্যালয়ে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোতে সংস্কার এখন সময়ের দাবি। রাজনৈতিক দলগুলো মূলত ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে। মনোনয়ন দেওয়া হয় কালোটাকার মালিকদের। আর এজন্যই রাজনৈতিক পরিবেশ সৎ ও স্বচ্ছ থাকে না। কিন্তু এখন এই মানসিকতার পরিবর্তন দরকার। জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য দলগুলোর অভ্যন্তরীণ সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি সেখানে গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে।”

নিজ দলে গণতন্ত্র চর্চার অভাবের কথা স্বীকার করে তিনি বলেন, “অভাব না থাকলে তো আর এ কথা ওঠে না। দলের মধ্যে আরও গণতন্ত্র দরকার। এটা থাকলে দলের মধ্যে পরিবারতন্ত্র, আত্মীয়তা এবং মনোনয়ন বাণিজ্য থাকবে না। এছাড়া পরিপূর্ণ গণতান্ত্রিক চর্চা করলে শায়খুল হাদিসের সঙ্গে আর চুক্তিও করবে না দলটি।”

অবশ্য দেশের প্রতিষ্ঠিত অন্য দলগুলোর তুলনায় আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা বেশি হচ্ছে দাবি করেন মাহমুদুর রহমান মান্না।

আওয়ামী লীগে সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,  কারো ইচ্ছায় দলে সংস্কার হবে না বা কারো চোখ রাঙানিতে এই প্রক্রিয়া বন্ধও থাকবে না। শেখ হাসিনা দলের সভাপতি হওয়ায় সামগ্রিক সংস্কার প্রক্রিয়াতেই তিনি নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের রাজনীতিবিদরা অতিমাত্রায় কূটনীতিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন মন্তব্য করে তিনি বলেন, কূটনৈতিকরা বাংলাদেশের রাজনীতিতে এখন যেভাবে নাক গলাচ্ছেন তা দৃষ্টিকটূ। তবে, পুরো বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হওয়ায় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সংস্কার নিয়ে প্যাট্রিসিয়া এ বিউটেনিসের বক্তব্যের পর থেকেই আওয়ামী লীগ সভানেত্রী দলের মধ্যে সংস্কার নিয়ে আলোচনা শুরু করেন বলে জানান মাহমুদুর রহমান।

২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে দলের মধ্যে তদন্ত হওয়া উচিত। মনোনয়ন বাণিজ্যের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খেলাফত মজলিশের সঙ্গে আওয়ামী লীগ কীভাবে চুক্তি করেছিলো তাও তদন্ত করা প্রয়োজন।”