আগস্টে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ
আগস্ট মাস থেকে ডিজিটাল পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে। প্রথমে শহরাঞ্চলের লোকদের ভোটার তালিকা করা হবে। পরে সম্প্রসারণ করা হবে গ্রামাঞ্চলে। একইসঙ্গে চলবে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজও।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করার পর নিজ কার্যালয়ে ফিরে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “বাড়ি বাড়ি না গিয়ে ক্যাম্প তৈরি করে ছবিসহ নতুন ভোটার তালিকা করা হবে।” (আরো তথ্যসহ)
সিইসি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সরকারের পক্ষ সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
শামসুল হুদা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ঘরোয়া রাজনীতি চালু করার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
আগস্টে পুরোদমে কাজ শুরুর আগে আগামী ১০-১২ দিনের মধ্যে সাভারে বা জয়দেবপুরে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকার কাজ করা হবে-এই তথ্য জানিয়ে শামসুল হুদা বলেন, “আমরা শহরাঞ্চলে একেকটি এলাকা ধরে এগুতে চাই। চারজন করে ১২ হাজার ইউনিট ভোটার তালিকার কাজ করবে। আর কমিশনের যে ৬৯ হাজার স্থানীয় ভোট কেন্দ্র রয়েছে, সেগুলোকেই ক্যাম্পে পরিণত করা হবে। আমরা একেকটি এলাকায় ক্যাম্প করার আগে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাব। প্রতিবেশী নেপাল, ভুটান ও পাকিস্তানেও এই পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে।”
ডিজিটাল ভোটার তালিকার জন্য জুলাইয়ের শেষে ১২ হাজার ল্যাপটপ, ওয়েব ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা শুরু হবে বলেও তিনি জানান। সিইসি আরো জানান, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ভিজিএফ কার্ড, রিলিফ সংগ্রহ-ইত্যাদি কাজে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। পুরোদমে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করার আগে ১৯৮২ সালের ভোটার তালিকা অধ্যাদেশটির সংশোধন আনা হবে।
মাঠ পর্যায়ে ভোটার তালিকার কাজ করার সময় সেনাবাহিনী কীভাবে সহযোগিতা করবে, তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, “সেনা সদস্যরা সব পর্যায়ে সহযোগিতা করবে। ভোটার তালিকার মূল কাজ করবেন নির্বাচন কর্মকর্তারা। সেনাসদস্যরা আগাগোড়া সঙ্গে থেকে তাদের সহযোগিতা দেবেন।”
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাতের সময় দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
