২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলকে বিব্রত করার জন্য নয়, যুগোপযোগী করার জন্য সংস্কারের কথা বলেছি: খোকা

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, দলকে বিব্রত করার জন্য নয়, যুগোপযোগী করে এগিয়ে নেওয়ার জন্যই আমি সংস্কারের কথা বলেছি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 04:38 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার দুপুরে নগর ভবন মিলনায়তনে মেয়র হিসেবে পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় সাদেক হোসেন খোকা এ কথা বলেন।

অবশ্য সাংবাদিকদের অন্য সব রাজনৈতিক প্রশ্নই তিনি এড়িয়ে যান। বিএনপি ভেঙে যাচ্ছে কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে মেয়র খোকা তার সময়ে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করেন। একই সঙ্গে রাজধানী ঢাকার জন্য ৫০ বছর মেয়াদি নতুন মহাপরিকল্পনা প্রণয়নের দাবি জানান তিনি। সিটি করপোরেশনের ক্ষমতা বাড়ানোর জন্য তিনি বর্তমান আইনের সংশোধনেরও আহ্বান জানান।

তিনি জানান, মহাপরিকল্পনার কথা জানিয়ে তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে শিগগিরই চিঠি দেবেন তিনি। ওই চিঠিতে ঢাকার ঐতিহ্য বুড়িগঙ্গা, বালু, তুরাগ নদীগুলো রক্ষার বিষয়টিও উল্লেখ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মেয়র খোকা বলেন, ঢাকার উন্নয়নে কী হয়নি, তা বড় কথা নয়, কী করতে হবে তা নিয়ে ভাবার সময় এসেছে।

মেয়রের বিরুদ্ধে ‘২০ পারসেন্ট’ কমিশন নেওয়ার অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অভিযোগ সঠিক নয়। দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন আছে, কোনো অভিযোগ থাকলে সেখানে বলুন। কমিশন তদন্ত করে দেখবে।

অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, মোজাম্মেল হক, শর্মিলা ইমাম, মকবুল ইসলাম টিপু, এম সাঈদ মন্টু ও সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ফুল দিয়ে মেয়রকে অভিনন্দন জানান।

সাদেক হোসেন খোকা করপোরেশন পরিচালনার কাজে সহায়তা করার জন্য কমিশনার ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩৫ জন কমিশনার ছাড়াও করপোরেশনের সচিব মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী মেহেদী আলী খান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্নেল আজিজুল হক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে সাদেক হোসেন খোকা সিটি কপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হিসেবে শপথ নেন।