২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বক্তব্য সঠিক নয়: হান্নান শাহ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ বলেছেন, সাদেক হোসেন খোকা দলের চেয়ারপারসনের ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্পর্কে যা বলেছেন তা সঠিক নয়। তিনি হয়তো গ্রেপ্তারের আশঙ্কায় এসব কথা বলছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান শাহ এ কথা বলেন।

তিনি বলেন, “চেয়ারপারসন এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না। দলের স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করেই তিনি সিদ্ধান্ত নেন। তার একক ক্ষমতা সম্পর্কে খোকা সাহেব যা বলেছেন তা সঠিক নয়।”

তিনি আরো বলেন, “সিলেট ও চট্টগ্রামের মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে। উনিও (মেয়র খোকা) গ্রেপ্তারের আশঙ্কায় এসব কথা বলছেন কিনা কে জানে। খোকা সাহেব ও কয়েকজন কমিশনার সম্পর্কে বাজারে অনেক মুখরোচক কখা রয়েছে।”

হান্নান শাহ মনে করেন, দলের সংস্কার সংক্রান্ত যে কোনো বক্তব্য দলীয় ফোরামেই বলা উচিৎ। এ প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের নামে দলকে বিভ্রান্ত করার মতো বক্তব্য দেওয়া ঠিক না।”

ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর সহ বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘দলীয় চেয়ারপারসনের একক ক্ষমতা কমিয়ে বিকেন্দ্রীকরণ করা উচিৎ। দলের বর্তমান গঠনতন্ত্রে চেয়ারপারসনের ক্ষমতা অসীম। তার এত ক্ষমতার প্রয়োজন নেই। বিএনপি এখন একটি গণমুখী দল। এককভাবে চেয়ারপারসনের হাতে ক্ষমতা না রেখে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলে অনেক ভাল কিছু বেরিয়ে আসতে পারে। এতে দলে জবাবদিহিতা ও স্বচ্ছতাও নিশ্চিত হবে।”