২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা, সালাউদ্দিন হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ গঠন আবারও পেছালো

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অস্ত্র ও গুলি রাখার মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন তৃতীয়বারের মতো পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

একইসঙ্গে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদ ও হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনও দ্বিতীয় বারের মতো পেছানো হয়েছে।

নাজমুল হুদা ও সালাউদ্দিন আহম্মেদের পক্ষে তাদের আইনজীবীরা সময় চাওয়ায় এবং হাফিজ ইব্রাহীমকে ভোলা কারাগার থেকে আদালতে হাজির না করায় সোমবার দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইবুনালের বিচারক মো. মমিন উল্লাহ আগামী ১৪ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নতুন তারিখ দেন।

নাজমুল হুদা ও সালাউদ্দিন আহম্মেদকে দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির করা হয়।

নাজমুল হুদার আইনজীবীরা অভিযোগ করেন, বিচারকের আদেশ অনুযায়ী আইনজীবীরা নাজমুল হুদার সঙ্গে মামলার বিষয়ে আলাপ করতে গেলে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে দেখাই করতে দেয়নি। এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার অনুমতি লাগবে বলে তাদেরকে জাননো হয়।

আইনজীবীরা আদালতকে বলেন, এই ঘটনার মধ্য দিয়ে কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করেছেন।

হুদার পক্ষে সময় চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট টি এম আকবর, অ্যাডভোকেট লুৎফে আলম, অ্যাডভোকেট রজুব হোসেন, অ্যাডভোকেট খোরশেদ আলম।

এদিকে সালাউদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে মামলার প্রয়োজনীয় কাগজপত্রের নকল না পাওয়ায় এবং তার সঙ্গে কারাগারের ফটকে মামলার বিষয়ে আলোচনা করতে না পারায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

রাষ্ট্রপক্ষে এসব আবেদনের বিরোধিতা করেন মহানগর আদালতের আইনজীবী আবদুল্লাহ মাহমুদ হাসান।

ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র আইনের লাইসেন্স ভঙ্গ করে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গত ৮ মার্চ ধানমণ্ডি থানায় একটি মামলা করা হয়। ১১ মার্চ হুদাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সালাউদ্দিন আহম্মেদের শ্যামপুরের বাসা থেকে গত ৪ ফেব্রুয়ারি তলোয়ার ও ছোড়া উদ্ধারের ঘটনায় শ্যামপুর থানায় অস্ত্র মামলা দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক আবুল খায়ের।

এছাড়া ফেব্রুয়ারি মাসে হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে আস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয় গত ফেব্রুয়ারি মাসে।