২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাবি শিক্ষকরা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিরাপত্তা ও অবাধ চলাফেরা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮৬ জন শিক্ষক সোমবার একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত হয়, সেজন্য আওয়ামী লীগের সভানেত্রী তার নিজ দল এবং সমমনা অন্য দলগুলোকে ঐক্যবদ্ধ করে বলিষ্ঠ আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলনের অনিবার্য পরিণতিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

কাজেই এই লক্ষ্যগুলো অর্জনে আন্দোলনরত মূল রাজনৈতিক শক্তির প্রধান নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর যাতে তার ভূমিকা যথাযথভাবে পালন করতে পারেন তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. সাইদুর রহমান খান, আবদুস সোবহান, শাহ নওয়াজ আলী, মলয় কুমার ভৌমিক, শামসুদ্দিন ইলিয়াস, আবদুল জলিল মিয়া, আনন্দ কুমার সাহা, সুজিত সরকার, ফায়েকউজ্জামান, সরকার আলী আক্কাসসহ ১৮৬ জন শিক্ষক স্বাক্ষর করেন।