২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন না করেই নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার উদ্যোগ

সংবিধানের আওতার মধ্যেই কমিশন সচিবালয়কে স্বাধীন করা যায় কিনা সে ব্যাপারে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই এটা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার নিজ কক্ষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, “দেখা যাচ্ছে সংবিধান সংশোধন করা ছাড়া কমিশন সচিবালয়কে স্বাধীন করা সম্ভব নয়। এরপরও আমরা বিশিষ্ট আইনজ্ঞদের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করার জন্য বলেছি।” এ সময় অন্য নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

ছহুল হোসাইন বলেন, “আমরা যেসব নির্বাচনী আইন সংস্কার করছি, সবাই তা ভালভাবে নিয়েছে। বৃহস্পতিবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায়ও সবাই এর পক্ষে মত দিয়েছেন। সেখানে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাধীন করার বিষয়টি জোরালোভাবে এসেছে। আমরাও ভাবছি, এ বিষয়ে কিছু করা যায় কিনা।”

ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি করতে ১ মে থেকে দুজন বিদেশি ও তিনজন দেশি পরামর্শক নিয়োগ করা হচ্ছে-একথা জানিয়ে ছহুল হোসাইন বলেন, “আমরা আশা করছি, দুই মাসের মধ্যে ভোটার তালিকা ও পরিচয়পত্র প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের কী কী উপকরণ লাগবে, তা তারা জানাবেন। এর পরের চার মাসে আমরা উপকরণগুলো সংগ্রহ করব।”

দেড় বছরের কম সময়ে ছবি ভোটার তালিকা করা সম্ভব বলে রাজনীতিবিদদের বক্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে সাখাওয়াত হোসেন বলেন, “রাজনীতিবিদরা কী বলছেন, সেটি তাদের বিষয়। তারা রাজনীতি করেন, অনেক কথাই বলতে পারেন। আমাদের পক্ষে এর চেয়ে কম সময়ে এ কাজ করা সম্ভব নয়।”

ছহুল হোসাইন বলেন, “ছবিসহ ভোটার তালিকা তৈরি করার সময় আমরা ডাটা বেজের মাধ্যমে একটি তথ্য ভাণ্ডারও তৈরি করতে চাই। যাতে পরবর্তী নির্বাচনে কোনো কাজ নতুন করে করতে না হয়।”