বিএনপিতে ফিরে যাওয়া না যাওয়া আল্লাহর সিদ্ধান্ত: অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জাতীয় সরকার গঠিত হলে কিছু ‘রাজনৈতিক বিধবা নতুন স্বামী’ খুঁজে পেতেন।
আর বিএনপিতে ফিরে যাওয়ার ব্যাপারে তিনি ‘আল্ল¬াহর সিদ্ধান্তে’র ওপর নির্ভর করছেন।
বিএনপি মহাসচিবের পদ থেকে আবদুল মান্নান ভূঁইয়ার অপসারণের খবর সম্পর্কে তিনি বলেন, “কেউ ব্যর্থ হলে চলে যেতেই পারেন। নতুনদের আগমন আর পুরনোদের বিদায় একটি স্বভাবিক ঘটনা।”
শনিবার তার মহাখালী ডিওইচএসের বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে অলি আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে এখনও জাতীয় সরকার গঠন সম্পর্কে কিছু জানানো হয়নি। পত্র-পত্রিকায় এ বিষয়ে লেখালেখি হচ্ছে। তবে জাতীয় সরকার গঠিত হলে কিছু পুরনো ‘রাজনৈতিক বিধবা নতুন স্বামী’ খুঁজে পেতেন।”
বিএনপিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে অলি বলেন, “আমি কী করবো, তা নিজেই জানি না। আমি শুধু আল্লাহর ইচ্ছাই পালন করি। আল্লাহ চাইলে যাবো। বিএনপির এ পরিণতির কথা আমি অনেক আগেই বলেছিলাম। এখন অবশ্য নীতি-নির্ধারকদের কেউ কেউ তা স্বীকার করছেন। তখন মন্তব্য করা হয়েছিল, না পাওয়ার বেদনা থেকেই আমি ওই সব কথা বলছি।”
তিনি বলেন, “আমি এলডিপিতে যাওয়ার পর এখন পর্যন্ত খালেদা জিয়া আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে বাদ দেননি। সে কারণেই সবার এমন ধারণা, আমি বিএনপিতে ফিরে যেতে পারি।”
কর্নেল অলি বলেন, “দুর্নীতিবাজদের বিচারের জন্য পাঁচ বার আল্লাহ-রাসুলের কাছে (ওমরাহ করে) বিচার চেয়েছিলাম। সর্বশেষ ২০০৬ সালেও খোদার কাছে দরখাস্ত করে আসি। বিএনপির এ পরিণতি সে প্রার্থনারই ফল।”
