২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম আরও ১ দিনের রিমান্ডে

ভোলা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ভোলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র দাস এই আদেশ দেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:12 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বৃহস্পতিবার তার বিরুদ্ধে করা আরও নয়টি মামলার শুনানি অনুর্ষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, ২০০১ সালের সংসদ নির্বাচনের পর দৌলতখান উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবলীগ সম্পাদক গোলাম সরোয়ার ভুট্টো গত ১৩ মার্চ দৌলতখান থানায় হাফিজ ইব্রাহীমকে প্রধান আসামী করে ১৫ জনের নামে মামলা দায়ের করেন।

এ মামলায় বুধবার দুপুর ১২ টায় আদালতে তাকে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তিনদিনের রিমান্ডের আবেদন জানায়। বিচারক একদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। মামলার শুনানির সময় হাফিজ ইব্রাহীমের পক্ষে অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট ফরিদুর রহমান ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রিমান্ডের বিরোধিতা করে আবেদন জানান।

সাবেক সাংসদকে গত সোমবার ঢাকা কের্ন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ভোলায় নিয়ে আসা হয়। সেদিনই দুটি মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার আরও নয়টি মামলার শুনানির জন্য হাফিজ ইব্রাহিমকে আদালতে হাজির করা হবে। সাবেক এই সাংসদের বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকা দৌলতখান থানায় নয়টি এবং বোরহানউদ্দিন থানায় সাতটি মামলা এ পর্যন্ত দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে ভোলা সাব জেলে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে।