বাতিল নির্বাচনের ভোটার তালিকার অনিয়মের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে
২২ জানুয়ারির বাতিল নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তদন্ত করে এবিষয়ক একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠাবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার তালিকার অনিয়মসহ অন্যান্য অনিয়মের বিষয় কমিশন এখনও খতিয়ে দেখছে। পরে একটি প্রতিবেদন তৈরী করে তা দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে।
ওই নির্বাচনের ভোটার তালিকার জন্য অর্থ অপচয়ের দায় -- দায়িত্ব কে নেবে -- তা জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “আমরা এখনও ২০০৬ সালের ভোটার তালিকা বাতিল করে আদালতের দেওয়া রায়ের অনুলিপিও আমরা পাইনি। অনুলিপিটি পেলে তবেই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব।”
হাইকোর্ট মঙ্গলবার বাতিল হওয়া ২২ জানুয়ারির সংসদ নির্বাচনের জন্য প্রণয়ন করা ভোটার তালিকাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে আদালত আইন ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০০০ সালের তালিকার ভিত্তিতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেয়।
