তারেক রহমান চার দিনের রিমান্ডে
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় তারেক রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এক কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগে বৃহস্পতিবার একজন ঠিকাদারের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ। তারেকের জামিনের আবেদন নাকচ করে দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বুলেটপ্র“ফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেককে আদালতে হাজির করা হয়। এজলাসে ঢোকানো হয় ১০টা ৩৮ মিনিটে। তাকে আদালতে আনা হতে পারে ভেবে সন্ধ্যা থেকেই ওই এলাকায় ছিল উৎসুক মানুষের ভিড়। তবে সাধারণ মানুষের চেয়ে বেশি চোখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। পুরো এলাকা সন্ধ্যা থেকেই কার্যত ঘিরে রাখে তারা। এরমধ্যে মাঝে মাঝে জটে পড়া গাড়ি ছাড়ার জন্য নিরাপত্তা শিথিল করা হয়। হাজারো নিরাপত্তা রক্ষীর ঘিরে রাখা ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন জাকারিয়া কাজল ও সুমন মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানায় তারেকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা এবং কাফরুল থানায় একটি জিডি করা হয়। মোহাম্মদ আমিরউদ্দিন নামের একজন ঠিকাদার এক কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ এনে তারেকের বিরুদ্ধে গুলশান থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
কাফরুল থানায় দায়ের করা জিডিতে বলা হয়, জোট সরকারের আমলে তারেক তার বন্ধুবান্ধব ও পার্টনার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দেশি-বিদেশি টেন্ডার ক্রয়ে অবৈধ ক্ষমতা প্রয়োগ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কমিশন ভাগাভাগি
মামলার শুনানি শুরু হয় রাত এগারোটায়। তারেক রহমানের পক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করছেন।
শুনানির এক পর্যায়ে তারেকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রশ্ন করেন কোন সাহসে তারেককে র্যাব লেখা জ্যাকেট পরিয়ে আদালতে আনা হলো? তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি ও তার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য এসব অভিযোগ আনা হয়েছে। তারা তারেক রহমানকে আগামী দিনের নেতা হিসেবে অভিহিত করেন।
আইনজীবীদের মধ্যে আছেন--- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নওশাদ জমির, সানাউল্লাহ মিঞা, ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান প্রমুখ।
এর আগে বুধবার রাতে গ্রেপ্তার হওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ এবং চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিনসহ পাঁচজনকে একমাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আটকাদেশের যৌক্তিকতা তুলে ধরে আদালতে বলা হয়, দেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কাজ করছেন। জরুরি অধ্যাদেশের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আদালত।
বুধবার রাতভর চালানো অভিযানে যৌথবাহিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিম, জামায়াতের সাংসদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ তাহের এবং দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করে।
এদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তারা জননিরাপত্তা বিঘ্নিত করেছেন, জনগণের সম্পদ লুটপাট করেছেন। দেশের অর্থনীতির ক্ষতিসাধন করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে আতিকুল্লাহ খান মাসুদ সম্পর্কে বলা হয়, তিনি বিদেশি অর্থায়নে এদেশে সন্ত্রাসের মদদ দিয়ে থাকেন।
বেলা তিনটায় খন্দকার মোশাররফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও আইনজীবীদের বেশ ভিড় দেখা যায়।
বুধবার গভীর রাতে গুলশান থানায় মোশাররফের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিটি মেয়রকে আদালত ভবনের দ্বিতীয় তলায় মহানগর হাকিম আদালতে হাজির করা হলে মহানগর হাকিম মোকছেদুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেয়র প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “জনগণের জন্য রাজনীতি করেছি তাই গ্রেপ্তার হয়েছি। আমি কখনও জেলে যেতে ভয় পাই না।”
বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান এর চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিমের জামিন আবেদনও নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাত আটটায় মহানগর হাকিম মামুন আল রশিদ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত সেলিম বলেন, তাকে নির্যাতন করা হয়নি। তবে অযৌক্তিক কারণে আটক করা হয়েছে।
রাত সোয়া আটটায় মহানগর হাকিম মামুন আল রশিদ এর আদালতে জামায়াতের সাংসদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ তাহেরকে নিয়ে আসা হয়। এর ১৫ মিনিট পরে একই আদালতে আসেন দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ।
