দুই জোটের শরীক দল নির্বাচনের সময়সীমার প্রশ্নে নিশ্চুপ
দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ নির্দিষ্ট সময়ে নির্বাচন চাইলেও এ দুটি দলের নেতৃত্বাধীন জোটে তাদের শরীক বড়দলগুলো এ বিষয়ে একেবারেই নিশ্চুপ।
বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন চার দলের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করলেও দলনেতা জসিম উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, তাদের পক্ষ থেকে নির্বাচনের কোনো ‘সময়সীমা’ চাওয়া হয়নি।
জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল জসিম বলেন, “মূলত এটি ছিলো একটি সৌজন্য সাক্ষাত। কমিশন নির্বাচন প্রস্তুতির জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে, আমরা তা জানতে এসেছিলাম।”
অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রধান শরীক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও বলেছেন প্রায় একই কথা। গত সোমবার এরশাদ সিইসির সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানিয়েছেন, তারাও কোনো নির্দিষ্ট সময়ে নির্বাচন চান না। কমিশন আইন সংস্কার করে নির্বাচন প্রস্তুতি নিয়ে যখনই নির্বাচন দেবে, সেটাই তারা মেনে নেবেন।
এর আগে সিইসির সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল জুলাই মাসে এবং আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দল জুন মাসে নির্বাচন দাবি করে।
তবে বৃহস্পতিবার কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, কোন সময়ে নির্বাচন হবে -- এখনই তা বলা তাদের পক্ষে সম্ভব নয়। নির্বাচনী আইন সংস্কার, নির্ভুল ভোটার তালিকা, ভোটার পরিচয় পত্র তৈরি -- ইত্যাদির পরেই তারা নির্বাচন আয়োজন করবেন।
