২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাসের মধ্যেই ফিরে আসবেন হাসিনা: সাংবাদিকদের ইনু

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একমাসের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে আসবেন। মঙ্গলবার রাতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ধানমন্ডির সুধাসদনে হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘন্টা তিনি সুধাসদনে ছিলেন। হাসিনার সঙ্গে কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে ইনু সাংবাদিকদের বলেন, দুজন রাজনৈতিক নেতার আলোচনায় যে সব বিষয় উঠে আসতে পারে সে সব ব্যাপারেই কথা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 11:27 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ইনু বলেন, হাসিনা তার অসুস্থ পুত্রবধু ক্রিস্টিন ওভারমায়ার ও নাতনি সোফিয়া ওয়াজেদকে দেখতে এবং কানের চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এর আগে জাসদের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল সুধাসদনে আলাদাভাবে হাসিনার সঙ্গে দেখা করেন।

সকালে শেখ হাসিনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে ভিসা নিয়ে আসেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক।

আগামী ১৫ মার্চ বৃহস্পতিবার ব্রিটিশ এয়ারওয়েজ এর বিএ--১৪৫ ফ্লাইটে এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন হাসিনা।

মঙ্গলবার সারাদিন হাসিনার সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, সুলতান মো. মনসুর, অ্যাডভোকেট সাহারা খাতুন, মুকুল বোস, জাবিদ আহসান রাসেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আজাদ চৌধুরী।