২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জেএমবির কেন্দ্রীয় নেতা শাহিন গ্রেপ্তার

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখার সহ--অধিনায়ক এবং ১৭ আগস্ট একাধিক বোমা হামলার চার্জশিটভুক্ত আসামী মোস্তাফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার ভোরে র‌্যাব-- ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা শাহিনকে পাবনা শহরের মাটিয়াসড়কের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় র‌্যাব তার বাড়ি থেকে জেএমবির বেশ কিছু গোপন কাগজপত্র উদ্ধার করে।

র‌্যাব-- ১২ পাবনা ক্যাম্পের এএসপি এসএম তানভির আরাফাত জানান, র‌্যাবের একটি দল ভোর রাতে অভিযান চালিয়ে শহরের মাটিয়াসড়ক এলাকার নিজ বাড়ি থেকে শাহিনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের অপর একটি সূত্র জানায়, মৃত অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান শাহিন দীর্ঘদিন ধরে জেএমবির সামরিক শাখার তৃতীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই ২০০৫ সালের ১৭ আগস্ট মেহেরপুর জেলায় একাধিক বোমা হামলা চালানো হয়। পরে মেহেরপুরে শাহিনকে অন্যতম আসামী করে ঐ বোমা হামলার অভিযোগ পত্র দাখিল করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জেএমবির শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ হলে তিনি বুধবার রাতে পাবনায় আসেন।

র‌্যাব আরও জানায়, ১৭ আগস্টের চেয়েও বড় ধরনের কোন ঘটনা ঘটাতে তিনি পাবনায় এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া শাহিন সাংবাদিকদের জানান, ইসলামি আন্দোলন নিয়ে কাজ করলেও তিনি কখনই জেএমবির সঙ্গে জড়িত ছিলেন না। জেএমবির আদের্শের সঙ্গেও তাদের কোন মিল ছিল না এবং এখনও নেই। সারাদেশে এখনও তাদের ৪/৫ হাজার সক্রিয় ক্যাডার কাজ করছে বলে তিনি জানান।

র‌্যাব আরও জানায়, শাহিনকে ধরতে র‌্যাব দীর্ঘদিন ধরেই গোয়েন্দা জাল পেতে রেখেছিল। শাহিনকে গ্রেপ্তারের জন্য সরকার ইতোপূর্বে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।