দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্তের ক্ষমতা পাচ্ছে দুদক
দুর্নীতির দায়ে তালিকাভুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ জন্য জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ সংশোধন করা হবে। বুধ অথবা বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, অধ্যাদেশের ১৫ (ঘ) ধারার উপবিধি--১ সংশোধন করে আদেশ জারি কর্তৃপক্ষ তথা দুদককে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এর খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
এই ক্ষমতাবলে কোনো ব্যক্তি ৭২ ঘণ্টার মধ্যে সম্পত্তির হিসাব না দিলে দুদক একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সম্পত্তি বাজয়োপ্ত করতে পারবে।
জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭ এর সর্বশেষ সংশোধনীতে দুর্নীতির দায়ে তালিকাভুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, দেশে সংকট আছে। এ অবস্থায় সরকার কিছু সংস্কারের কাজ করছে। সংস্কার শেষেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
