সাবেক সাংসদ কাজী আবু ইউসুফের দাফন সম্পন্ন
আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. কাজী আবু ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তৃতীয় দফা জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়।
আওয়ামী লীগের মরহুম এই নেতার প্রথম নামাজে জানাজা মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ধানমন্ডির সাগরিকা বাসভভনের সামনে ও দ্বিতীয় দফা জানাজা সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
জানাজায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরুল্লাহসহ আরও অনেক নেতা।
উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মুকুল বোস, অসীম কুমার উকিল প্রমুখ। দলীয় নেতা---কর্মীরা মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এরপর তার মরদেহ দাফনের জন্য নিজ শহর ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, বিকেল ৩টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকেল পাঁচটায় কাউলিবেড়া কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মরহুমের ভাতিজা কাজী জাফরউল্লাহ, এস এম নুরুন্নবী, সাবেক সাংসদ সালেহা মোশাররফ, শাহাদাত হোসেন, নাজির আহমেদ মানু এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারাসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন।
সোমবার রাত ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুর-- ৫ আসনের সাবেক এই সাংসদ। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। স্ত্রী, তিন ভাইসহ বহু আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
আবু ইউসুফ ১৯৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
