২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রার্থী ব্যয় ৩ লাখ টাকা করার দাবি জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখ টাকা করার দাবি জানিয়েছে। মঙ্গলবার সিপিবির ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 07:48 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দলের সভাপতি মঞ্জুরুল আহসান খান সাংবাদিকদের বলেন, “সাধারণ মানুষও যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমিত করার জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা করার দাবি জানিয়েছি।”

তিনি বলেন, “আমাদের প্রধান দাবি, নির্বাচনকে কালো টাকা ও সন্ত্রাসের কবল থেকে মুক্ত করা।”

আওয়ামী লীগ এবং বিএনপির মতো নির্দিষ্ট সময়ে নির্বাচন চাচ্ছেন না কেন - এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাড়াহুড়া করে নির্বাচন প্রয়োজন নেই, তবে নির্বাচন প্রস্তুতির নামে কালক্ষেপন করাও হবে আত্মঘাতির শামিল। 

এক প্রশ্নের জবাবে মঞ্জুরুল আহসান খান বলেন, “ভোটার পরিচয় পত্রের জন্য এতো সময় লাগার কথা নয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তারা চান দ্রুততম সময়ে নির্বাচন। আমরাও তাই চাই।”

সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “অবাধ ও সুষ্ঠু  নির্বাচন যেমন জনগণের দাবি, তেমনি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক এটিও জনগণের দাবি।”

সাত সদস্যের প্রতিনিধি দলে কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলী, রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।