সবাই জানে আমি দুর্নীতিবাজ নই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, “সবাই জানে আমি দুর্নীতিবাজ নই। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। কারা দুর্নীতিবাজ সেটি এখন আপনারা দেখছেন।”
সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সাংবাদিকদের কাছে এরশাদ এসব কথা বলেন।
দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে সাবেক এই সেনা শাসক বলেন, “নির্বাচনী আইন সংস্কার করতেই হবে। দুর্নীতিবাজ, কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”
প্রসঙ্গত, ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হওয়ার আগে দুর্নীতির মামলার কারণে ওই নির্বাচনে এরশাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
এরশাদ বলেন, কমিশনের কাছে তার দল নির্বাচন অনুষ্ঠানের কোনো সময়সীমা দাবি করেনি। কমিশন জানিয়েছে, ছবিসহ ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র, নির্বাচনী আইন সংস্কার -- ইত্যাদির কাজের জন্য সময় প্রয়োজন।
জাপার সঙ্গে আলোচনা না করেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জুনের মধ্যে নির্বাচন চেয়েছে দাবি করে এরশাদ বলেন, “নির্বাচন কমিশন প্রস্তুত না হলে তো নির্বাচন চেয়ে লাভ নেই।”
উপজেলা নির্বাচন প্রশ্নে তিনি বলেন, “আমার মনে হয়, সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হবে। এ জন্য আমরা আগে থেকে প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া শুরু করেছি।”
সিইসির সঙ্গে দেখা করার সময় জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, এম এ সাত্তার, এইচ এম গাফ্ফার প্রমুখ এরশাদের সঙ্গে ছিলেন।
