২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে নির্বাচন চায় আ’লীগ

আওয়ামী লীগ আগামী জুন মাসের মধ্যে সংসদ নির্বাচন দাবি করেছে। দলের উপদেষ্টা কমিটির একটি প্রতিনিধি দল বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে এই দাবি জানায়। একই সঙ্গে প্রতিনিধি দলটি ছবিসহ একটি নতুন ভোটার তালিকার দাবিও জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আবুল মাল আব্দুল মুহিত। দলের অপর সদস্যরা হচ্ছেন -- ফারুক চৌধুরী, মোকাম্মেল হক এবং এইচটি ইমাম।

বড় কোনো রাজনৈতিক দল এই প্রথম নতুন দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাত করলো।

এক ঘণ্টার সাক্ষাত শেষে এ এম এ মুহিত কমিশন কার্যালয়ের গাড়ি বারান্দায় সাংবাদিকদের বলেন, “আমরা আগামী জুন মাসের মধ্যে নির্বাচন চাই। এখন নির্বাচন কমিশন ও তত্ত্ববধায়ক সরকার মিলে ঠিক করুক তারা কবে নাগাদ নির্বাচন দেবে। আমরা ঝুলে থাকতে চাই না; নির্বাচনের সময়সীমা জানাতে হবে।”

ছবিসহ ভোটার তালিকার জন্য তারা সিইসির কাছে আবেদন করেছেন বলেও তিনি জানান। দল নেতা বলেন, “২০০০ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে ঘরে ঘরে গিয়ে নতুন ভোটার তালিকা করতে হবে। আমাদের হিসেবে সাধারণ ভোটার তালিকা করার জন্য ৩০ দিন সময় প্রয়োজন। আর ছবিসহ ভোটার তালিকার জন্য ৪৫ থেকে ৬০ দিনের বেশি সময় লাগার কথা নয়।”

এক প্রশ্নের জবাবে এ এম এ মুহিত বলেন, “আমরাও চাই নির্বাচনে যেনো দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ঋণ, কর ও বিল খেলাপী যেনো অংশ নিতে না পারে। নির্বাচন কমিশন এখন আইন সংস্কার করে আমাদের দাবিই বাস্তবায়ন করতে যাচ্ছে।”

আইন সংস্কার করা হলে আওয়ামী লীগেরও অনেক বড় বড় নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনি এ বিষয়টিকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটিকে দলীয়করণ করা ঠিক হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্যই এটি করা প্রয়োজন।”

দল নেতা আরও জানান, পুনর্গঠিত নির্বাচন কমিশনের এ পর্যন্ত কার্যক্রমে তারা সন্তুষ্ট।