ভোটার তালিকা তৈরিতে সাহায্য করতে চায় এনডিআই
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) নির্ভুল ভোটার তালিকা বানাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। এনডিআই এর চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাত করে এই প্রস্তাব দেন।
এক ঘন্টা স্থায়ী সাক্ষাত শেষে এনডিআই এর দল নেতা ও আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট কমিশন সচিবালয়ের গাড়ি বারান্দায় সাংবাদিকদের বলেন, “কমিশন চাইলে নির্ভুল ভোটার তালিকা বানাতে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সহযোগিতা করতে চাই। এ ক্ষেত্রে কমিশনকে এনডিআই বিশেষজ্ঞ পরামর্শ দিতে ও প্রযুক্তিগত সহযোগিতা করতে পারে।”
লিপার্ট বলেন, ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে তৈরি করা ভোটার তালিকায় এমন অনেক ভোটারের নাম আছে যারা একাধিক স্থানে ভোটার হয়েছেন। তিনি বলেন, “একই ভোটার ঠিকানা পরিবর্তন করার বা স্থানান্তরের কারণে এটি হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই ভোটার তালিকার এসব ত্র“টি দূর করা প্রয়োজন।”
২২ জানুয়ারির না হওয়া নির্বাচনের আগে এনডিআই এক প্রতিবেদনে বলেছিল ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার রয়েছে। তবে তখনকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান ওই প্রতিবেদনটি প্রত্যাখান করেন।
