এসএসএফ ছাড়াই অফিস করলেন খালেদা জিয়া
বিশেষ নিরাপত্তা ফোর্স (এসএসএফ) ছাড়াই শনিবার বনানীর হাওয়া ভবন অফিস করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়ক বাসভবন থেকে তাঁর ব্যক্তিগত ক্রিম রঙের পাজারো গাড়ি পুলিশ পাহারায় বনানীতে আসে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। গাড়ি বহরে পুলিশের একটি প্রোটেকশন কার, তিনটি পিক--আপ ভ্যান ছিল। গাড়িগুলোতে ছিলেন পুলিশসহ সাদা পোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত চাই ঝি সস্ত্রীক দেখা করেন।
চাই ঝি সাবেক প্রধানমন্ত্রীকে কিছু উপহার দেন। প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন সহযোগিতা করার জন্য খালেদা জিয়াকে তিনি ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
