২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অস্ত্রসহ পাহাড়ি নেতা গ্রেপ্তার (আরও তথ্যসহ)

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ম্রো জনগোষ্ঠির নেতা রাংলাই ম্রোকে (৩৫) যৌথবাহিনী বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 01:42 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

যৌথবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে দুটি অবৈধ পয়েন্ট টু টু বোর রিভলবার, একটি লাইসেন্স করা বন্দুক ও ১২টি কার্তুজ, এবং একে -- ৪৭ রাইফেলের ২৩ রাউন্ড গুলি ও পিস্তলের এক রাউন্ড গুলি।

রাত সাড়ে ৩ টার দিকে উজানীপাড়ার বাসভবনের দরজা ভেঙে রাইলাই ম্রোকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

রাংলাই ম্রো একইসঙ্গে ‘ম্রোচেট’ নামের একটি স্থানীয় এনজিওর সভাপতি। যৌথবাহিনীর সদস্যরা এনজিওটির কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সেনা সূত্র জানায়, রাংলাই ম্রো এর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাস ও বিভিন্ন দাতা সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে সুয়ালক ইউনিয়নের টঙ্কাবতিতে পাহাড়ি আদিবাসীদের উচ্ছেদের ঘটনায় রাংলাই ম্রো বান্দরবান সদরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করায় ক্ষোভের মুখে পড়েন।  দুপুরে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করেছে।