তিন সিটি নির্বাচন নির্ধারিত সময়ে হচ্ছে না
আগামী মে ও জুন মাসে ঢাকা, রাজশাহী ও খুলনা -- এই তিনটি সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার সাংবাদিকদের এই কথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“একটি নির্ভুল ভোটার তালিকা করার পরেই আমরা সব ধরনের নির্বাচন করতে চাই। এ কারণে নির্ধারিত সময়ে ওই তিনটি করপোরেশনের মেয়াদ শেষ হলেও আমরা নির্বাচনে যেতে পারছি না।”
আগামী ১৪ মে ঢাকা, ১৬ জুন রাজশাহী ও ২৬ জুন খুলনা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে। পাঁচ বছর মেয়াদী এসব করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০০১ সালে।
আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, “নির্বাচনী আইন সংস্কার করার জন্য আমরা এখন আইনগুলো পর্যালোচনা করছি। আইন সংস্কারের পরেই আমরা ভোটার তালিকা তৈরীর কাজ করবো।”
সব ধরনের নির্বাচনের জন্য তারা বেশ কিছুটা সময় নিচ্ছেন বলে জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, “নির্বাচনের জন্য কোনো তাড়াহুড়ো নয়; আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই।”
তিনি আরও জানান, কমিশন ছবিসহ ভোটার তালিকা তৈরীর বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছে। আর এ জন্য সেনা বাহিনীকে কাজে লাগানোর বিষয়টিকে তারা বিবেচনা করছেন। তবে তাদের সক্রিয় বিবেচনায় ভোটার পরিচয়পত্র ও জাতীয় পরিচয় পত্র তৈরীর বিষয়টিও রয়েছে।
সাধারণত, অন্তত ছয় মাস আগে কমিশন স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়। কিন্তু ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর কমিশন এই নির্বাচনের কোনো প্রস্তুতিই নেয়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় শিগগিরই একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে করপোরেশনগুলোর নির্বাচন স্থগিত করবে বলে এরই মধ্যে কমিশনকে জানিয়েছে।
