২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশনার শূন্য নির্বাচন কমিশন সচিবালয়

দেশে এই প্রথম কমিশনার শূন্য হয়ে পড়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সদ্য পদত্যাগকারী ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান ও অপর চার কমিশনারের অফিস কক্ষের বাইরের নাম ফলক বৃহস্পতিবার সকালেই খুলে ফেলা হয়। বুধবার একযোগে পদত্যাগকারী পাঁচ নির্বাচন কমিশনার তাদের সরকারি গাড়ি ও পুলিশী নিরাপত্তা এরই মধ্যে ফেরত দিয়েছেন।

পদত্যাগকারী অপর চার কমিশনার হচ্ছেন -- স ম জাকারিয়া, মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চেধুরী ও মো. সাইফুল আলম।

বৃহস্পতিবার দিনভর নির্বাচন কমিশন সচিবালয় ছিল দৃশ্যত একেবারেই স্থবির। কমিশন সূত্র জানায়, সকালে সচিব আব্দুর রশীদ সরকার এবং অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া সচিবালয়ে এসে কিছু নিয়মিত দাপ্তরিক কাজকর্ম সারেন। অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের পত্রিকা পড়ে ও গল্প -- গুজব করে অলস সময় কাটাতে দেখা যায়।

নির্বাচন কমিশনের একজন আইন কর্মকর্তা বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, “সংবিধানের ১১৮, ১১৯ ও ১২০ ধারায় নির্বাচন কমিশন সম্পর্কিত নানা আদেশ দেওয়া থাকলেও কমিশন সচিবালয় কখনো কমিশনার শূন্য হতে পারে কিনা -- এ বিষয়ে কোনও সুস্পষ্ট আইনগত ব্যাখ্যা সংবিধানে নেই।”

তিনি বলেন, “তবে কমিশন সচিবালয়ে এ ধরনের ঘটনা নজিরবিহীন।”

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর প্রথমে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত এবং পরে ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বাতিল করা হয়।এই তিন সপ্তাহে কমিশন নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখে বড় ধরনের কোনো সিদ্বান্তও গ্রহণ করেনি।

কমিশনের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান, তারা নতুন সিইসি ও অপর নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য অপেক্ষা করছেন। এ সব নিয়োগ দেওয়ার পর পরই নতুন ভোটার তালিকা তৈরী করাসহ অন্যান্য নির্বাচনী কর্যক্রম পুরোদমে শুরু হবে।