ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার বেলা ৩টার দিকে তার স্বামী ড. ওয়াজেদ মিয়া ও চাচী বেগম জেবুন্নেছা দেখা করেছেন। তারা বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসেন।
ঈদ উপলক্ষে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য ১২ জনের অনুমতি ছিল। ওই নির্ধারিত তালিকা থেকে দেখা করতে আসেন মাত্র দুজন।
তালিকায় অন্য যাদের নাম ছিল তারা হলেন, ফুপাতো বোন মনজিলা রহমান, চাচাত বোন জোবেদা মাহবুব, ননদ জাহানারা বেগম, মামা আকতার হোসেন, নাতি সামসুর রহমান টুটুল, ভাতিজা ব্যারিস্টার ফজলে নূর তাপসের স্ত্রী, দুই নাতনী শাহনাজ ইয়াসমীন ও শামীমা আকতার শামু।
বিশেষ কারাগারে শেখ হাসিনা গত ঈদুল ফিতরসহ দুটি ঈদ উদযাপন করছেন।
চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে গত ১৬ জুলাই শেখ হাসিনাকে ধানমন্ডির সুধা সদনের বাসা থেকে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
এদিকে, সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিশেষ কারাগারে কাটাতারের বেষ্টনির সামনে জড়ো হন। তারা নেত্রীর জন্য আনা ফুলের স্তবক কারা পুলিশের মাধ্যমে পৌছে দেন।
পরে মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "অন্যায়ভাবে শেখ হাসিনাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। আমরা তার অবিলম্বে মুক্তি চাই। গণতন্ত্রের স্বার্থে তাকে মুক্তি দিতে হবে।"
বিশেষ কারাগারে বেষ্টনির বাইরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৬২৫ ঘ.
bdnews24