ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির দায়ে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছেলে শাহরিয়ার আহম্মেদকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে দেড় কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও পৌনে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন।
শাহরিয়ার বর্তমানে পলাতক রয়েছেন। আসামির আত্মসর্মপণ অথবা গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।
নভেম্বর মাসে কর ফাঁকির দায়ে পৃথক তিনটি মামলায় শাহরিয়ারের মা মোসাম্মৎ সামসুন্নাহার, দুই ভাই ইমরান ও তানভির আহম্মেদকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। তারাও পলাতক রয়েছেন।
তিনটি পৃথক ধারায় দেয়া সাজার মধ্যে আয়কর রিটার্ন জমা না দেয়ায় শাহরিয়ারকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়া হয়।
সম্পত্তির তথ্য গোপন করায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। অন্য একটি ধারায় সম্পত্তির মিথ্যা তথ্য দেয়ায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
গত ২২ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার বেগম নাশিত রেজোয়ানা মুনির শাহরিয়ারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১২২৫ ঘ.
bdnews24