ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনিত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় ইঞ্জিনির্য়াস ইন্সটিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দেলোয়ার বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচনের উদ্যোগ নিলে তা ব্যর্থ হবে। সেজন্য নির্বাচন কমিশনের উচিত সময় ব্যয় না করে দ্রুত ভোটার তালিকার কাজ শেষ করা।
খোন্দকার দেলোয়ার হোসেন মহাসচিব নিয়োগের পর এই প্রথম তার কোনো প্রকাশ্যে আলোচনা সভায় যোগদান। অনুষ্ঠানে ব্যাপক দলীয় নেতা-কর্মী উপস্থিত হয়েছিল।
তিনি আরো বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার করলেই খালেদা জিয়া জনপ্রিয়তা ও ঐক্যের প্রতীক কি না তা প্রমাণ হয়ে যাবে। সামরিক শাসন ছাড়া এভাবে এক বছর ধরে জরুরি অবস্থা জারি রাখার নজির কোথাও নেই।"
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে খোন্দকার দেলোয়ার বলেন, "একটি দলের গঠনতন্ত্র কী হবে তা নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এটা দলের নেতা-কর্মীরা ঠিক করবে।"
এ নিয়ে কমিশনকে 'নাক না গলানোর' পরামর্শ দেন তিনি।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেলোয়ার বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর তিন যুগ পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার পরিবর্তে বারবার এই প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা হয়েছে।"
খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করে সরকারের উদ্দেশে তিনি বলেন, "কে ক্ষমতায় যাবে তা জনগণকে নির্ধারণের সুযোগ দিন। আইন বা অধ্যাদেশ দিয়ে জনগণের মৌলিক অধিকার খর্ব করা যাবে না।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি বলেন, "স্বাধীনভাবে কথা বলতে ও কাজ করতে দিতে হবে। বিজয় দিবসে এটাই হোক আমাদের শপথ।"
যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান বলেন,'' নির্বাচন কমিশন বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থা চলতে থাকলে বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে।''
যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে রাজনীতিবিদদের কাছেই আসতে হবে। জরুরি আইন দিয়ে সাময়িকভাবে ক্ষমতায় থাকা যায়। দীর্ঘ মেয়াদে থাকা যায় না।"
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংবাদিক আমানুল্লাহ কবির, অধ্যাপক এবনে গোলাম সামাদ, শিরিন সুলতানা প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/জেকে/এমএইচবি/২০৩৬ ঘ.
bdnews24