২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমন্ত্রণ পেলে বঙ্গভবনের সংবর্ধনায় যাবে না আ'লীগ

জামায়াত আমন্ত্রণ পেলে বিজয় দিবস ও ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যাবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার দুপুরে তার জিগাতলার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা বঙ্গভবনের অনুষ্ঠানে যাবো না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামায়াত আমন্ত্রণ পেলে বিজয় দিবস ও ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যাবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার দুপুরে তার জিগাতলার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা বঙ্গভবনের অনুষ্ঠানে যাবো না।" তিনি আরও বলেন, "যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে আমরা যাবো না- এটি পরিষ্কার। এই অনুষ্ঠান যদি বঙ্গভবনেও হয় তাহলেও আমরা এ নীতি অনুসরণ করবো।" এর আগে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জামায়াতের নেতারা উপস্থিত থাকলেও আওয়ামী লীগের নেতারা সেখানে গেছেন। কিন্তু এবার কেন নতুন সিদ্ধান্ত নেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। যুদ্ধাপরাধীদের বিভিন্ন বক্তব্য তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা এখন ঐক্যবদ্ধ। এমনকি, বিএনপির দু'গ্র"পই যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ।" রাষ্ট্রপতির ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আওয়ামী লীগের এই নেতা জানান, বঙ্গভবনের অনুষ্ঠানে কাউকে দেওয়াত দেওয়া হচ্ছে, আবার কাউকে হচ্ছে না। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে একজন সিনিয়র আইনজীবী হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের মুক্তির বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, "শিক্ষকদের অনেক আগেই মুক্তি দেওয়া উচিত ছিলো। তাতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ও মহানুভবতা প্রকাশ পেতো।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঈদুল আজহার আগেই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে যেনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আত্মীয়-স্বজনরাই বলেছেন, তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেননি। তারা প্রধান উপদেষ্টার কাছে মুক্তির আবেদন করেছিলেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৭০৮ঘ.