২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় ত্রাণে মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বাড়ছে না : আ.লীগ

জরুরি অবস্থা ত্রাণ কাজে বাধা না হলেও এর কারণে মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বাড়ছে না বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারা রাজনৈতিক দলগুলোকে ত্রাণ তৎপরতায় ব্যাপকভাবে সম্পৃৃক্ত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 04:54 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেস্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জরুরি অবস্থা ত্রাণ কাজে বাধা না হলেও এর কারণে মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বাড়ছে না বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তারা রাজনৈতিক দলগুলোকে ত্রাণ তৎপরতায় ব্যাপকভাবে সম্পৃৃক্ত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। এদিকে ত্রাণ কাজে সহযোগিতায় আসা মার্কিন সেনাবাহিনী নিয়ে 'বিভ্রান্তি ছড়ানো' বা রাজনীতির কোন অবকাশ নেই বলে মন্তব্য করেছে দলটি। বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সভাপতিমন্ডলীর সদস্য ও ত্রাণ কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। আওয়ামী লীগ দুর্গত এলাকায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক সরবরাহ এবং এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরণে আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানান । দলীয় নেতারা জানান, আওয়ামী লীগ বুধবার পর্যন্ত ত্রাণ হিসাবে নগদ ২৫ লাখ টাকা পেয়েছে। এর মধ্যে তারা ১৫ লাখ নগদ টাকা দুর্গতদের মধ্যে বিতরণ করেছে। ত্রাণ তহবিলে ব্যাংকের হিসাবে এ পর্যন্ত জমা পড়েছে আড়াই লাখ টাকা । নেতৃবৃন্দ জানান, তাদের ত্রাণ ভান্ডারে নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বত:স্ফূর্তভাবে ত্রাণ সামগ্রী দান করছে। ত্রাণের জন্য পাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে নতুন ও পুরনো জামা-কাপড়, হারিকেন, খাবার পানি, হাড়ি-পাতিল, মশারী, ভোজ্য তেল ইত্যাদি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতারা বলেন, জরুরি অবস্থায় ত্রাণ কাজে বাধা সৃষ্টি না হলেও কিছুটা সমস্যা হচ্ছে। এর জন্য মানুষের 'স্বত:স্ফূর্ত অংশগ্রহণ' বাড়ছে না। জরুরি আইন উঠে গেলে সাধারণ মানুষের অংশগ্রহণ আরো বাড়ত বলে তারা মন্তব্য করেন। আবদুর রাজ্জাক বলেন, "দুর্গতদের মধ্যে যে পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে তা মোটামুটি ভালোই। কিন্তু ঘূর্ণিঝড়ে যে ৯১ হাজার ঘড়বাড়ি ভেঙে গেছে তা মেরামত করা জরুরি। দুর্গতদের প্রচুর শীতের কাপড় প্রয়োজন।" যতদিন দুর্গতদের পুর্নবাসনের ব্যবস্থা না করা হবে ততদিন তারা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবেন বলে রাজ্জাক জানান। তোফায়েল আহমেদ দাবি করেন, সরকার ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা তিন হাজার বললেও প্রকৃত সংখ্যা অনেক বেশি। তিনি বলেন, "সরকারের উচিত মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা।" ত্রাণ কাজে মার্কিন সেনাবাহিনীর অংশগ্রহণ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, "এ নিয়ে বিভ্রান্ত ছড়ানো বা রাজনীতির কোন অবকাশ নেই। দূর্যোগ মোকাবেলা একার পক্ষে সম্ভব না হলে আন্তর্জাতিক সহযোগিতা নেয়া যেতে পরে। এতে রাজনীতির কিছু নেই।" তোফায়েল আরও বলেন, "মার্কিন সেনারা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এসেছে। তা সম্পন্ন হলেই চলে যাবে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময়ও তারা এসেছিল এবং কাজ শেষ করে চলে গেছে।" সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার ত্রাণ কাজে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করার কথা বলেছেন। কিন্তু সরকারকেই উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৪৫ঘ.