২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ও দেশ পরিচালনায় রাজনৈতিক রোডম্যাপ জরুরি: জাসদ

নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন ও নির্বাচনের আগে দেশ পরিচালনায় একটি রাজনৈতিক রোডম্যাপ জরুরি বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। দলটির মতে এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্য হওয়া দরকার। বৃহস্পতিবার দলটির জাতীয় কমিটির সভায় নেওয়া প্রস্তাবে বলা হয়, সরকারের লক্ষ্য অর্জনে শুধু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা যথেষ্ট নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:50 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন ও নির্বাচনের আগে দেশ পরিচালনায় একটি রাজনৈতিক রোডম্যাপ জরুরি বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। দলটির মতে এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐকমত্য হওয়া দরকার। বৃহস্পতিবার দলটির জাতীয় কমিটির সভায় নেওয়া প্রস্তাবে বলা হয়, সরকারের লক্ষ্য অর্জনে শুধু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা যথেষ্ট নয়। জাতীয় কমিটির প্রস্তাবে বলা হয়, "নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে অবিলম্বে একটি রাজনৈতিক রোডম্যাপ প্রণয়ন জরুরি।" প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা অস্বীকার করে একজন উপদেষ্টার দেওয়া বক্তব্য এবং এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের অনাগ্রহ ও উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সভার প্রস্তাবে বলা হয়, "নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন ও নির্বাচনের আগে পর্যন্ত দেশ পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক ধারাবাহিক যোগাযোগ ও সংলাপ অপরিহার্য।" কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত জাসদের জাতীয় কমিটির সভার প্রস্তাবে আরও বলা হয়, নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নির্ভূল ভোটার তালিকা প্রণয়ন জরুরি। এছাড়া নির্বাচনী আইন ও আচরণবিধিসহ নির্বাচন সংশ্লিষ্ট সব আইন ও বিধির সংশোধন চুড়ান্ত করা দরকার। একই সঙ্গে নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন ও শক্তিশালী করার কাজই এই মুহূর্তের প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য। জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের বিচার শুরুর জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। এছাড়া জাসদ জাতীয় কমিটির সভায় চলমান দুর্নীতি বিরোধী অভিযানের তথ্য প্রকাশ, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রেপ্তার ছাত্র-শিক্ষকদের মুক্তি দাবি করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চিনি ও পাট শিল্প বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ তথ্য জানানো হয়। হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় উপস্থিত ছিলেন সৈয়দ জাফর সাজ্জাদ, মইনউদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, মোযহারুল হক টুলু প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএইচবি/২৩৪১ ঘ.