ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কোনও উপদেষ্টার কাছে নয় সরাসরি প্রধান উপদেষ্টার কাছে সংলাপের প্রস্তাব রাখবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
'রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সংলাপে বসার কোন চিন্তাভাবনা করছে না' আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।
মঙ্গলবার ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরাতো উপদেষ্টা মইনুল হোসেন সাহেবের কাছে কোনও প্রস্তাব রাখবো না । আমরা প্রস্তাব রাখবো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে। তিনি একজন বিজ্ঞ ব্যক্তি। তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও আস্থা। আমরা প্রস্তাব দিলে নিশ্চয়ই তিনি সেটা বিবেচনা করবেন। এবং আমাদের প্রস্তাবে তিনি সাড়াও দিবেন বলে আমাদের বিশ্বাস।"
তিনি বলেন, "শেখ হাসিনাকে নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যেতে রাজি হয়েছি।"
তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ জনকে ডাকা হলেও ১৫ জনের সঙ্গে আলোচনার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবে আওয়ামী লীগ।
পৌরসভা, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেন অংশ নিতে পারে সেজন্য সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তিনি। ভোটার তালিকা প্রণয়নে সহায়তা করার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদেরও আহ্বান জানান।
চলতি রাজনৈতিক সংকট উত্তরণের জন্য গত শনিবার সরকারের সাথে সংলাপে বসার কথা বলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ ধরনের কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না বলে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমএ/১৭১৫ঘ.ু
bdnews24