নোয়াখালী, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন রোববার নোয়াখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে তিনি আহত হননি।
শুক্রবার ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশেদ খান মেনন নোয়াখালীর মাইজদি সোনাপুরে পার্টির নেতা আনোয়ার হোসেনের ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। লাকসাম-সোনাইমুড়ি সড়কের নওতলায় একটি বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়ি দুটি শেষ মুহূর্তে গতি নিয়ন্ত্রণ করতে পারায় রাশেদ খান মেনন ও তার সহযাত্রী পার্টির কেন্দ্রীয় নেতা কামরুল আহসানের তেমন ক্ষতি হয়নি।
ঘটনার পর সোনাইমুড়ি পৌরসভার চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের এবং মাইজদির অ্যাডভোকেট জাফরউদ্দিন বাবলু ও মাইজদি বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মামুনসহ অন্যান্য ঘটনাস্থলে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএসবি/
bdnews24