অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা নিতে মহাজোটের আহ্বান
নির্ভুল ভোটার তালিকা তৈরি, নির্বাচন কমিশন পুনর্গঠন ও প্রশাসনকে নির্দলীয় করে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানিয়েছে মহাজোট।
মঙ্গলবার রাতে আব্দুল জলিলের গুলশানের বাসায় মহাজোট শরিকদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। রাত পৌনে ৮টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলা এ বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ন্যায়বিচার পাবেন বলেও আশা প্রকাশ করা হয়।
বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাশসন নির্দলীয়করণ এবং সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “বিগত সরকারের আমলে প্রস্তুত করা সন্ত্রাসী তালিকা গ্রহণ না করে সঠিক ও নির্ভুল তালিকা করে সন্ত্রাসী, কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের গ্রেপ্তারের আহ্বানও আমরা জানাচ্ছি।”
জলিল আরও বলেন, “সংঘাত ও সংঘর্ষপূর্ণ ২২ জানুয়ারির একদলীয় ষড়যন্ত্রের নির্বাচন বন্ধ করার ক্ষেত্রে জনগণের আকাক্সক্ষার সপক্ষে অবস্থান নেওয়ায় বৈঠকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে।”
জাপা চেয়ারম্যান এরশাদ বুধবার আদালতে যাবেন উল্লেখ করে জলিল বলেন, “আশা করি তিনি ন্যায়বিচার পাবেন।”
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলরি সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, কাজী জাফর আহমদ, রুহুল আমীন হাওলাদার, মাহী বি. চৌধুরী, হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।
