একদিনের মধ্যে সরোয়ারকে ওএসডি
রাষ্ট্রপতির কোটায় সচিব হওয়া শুল্ক কর্মকর্তা এ টিএম সরোয়ার হোসেনকে মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। সোমবার সচিবের পদ থেকে তাকে জাতীয় রাজস্ব বোর্ডে ফেরত পাঠানো হয়েছিল।
রাষ্ট্রপতির একান্ত সচিব (যুগ্ম-- সচিব) নাসিমুল গণিকে নিপোর্ট এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের পাশাপাশি আরো কয়েকজন যুগ্ম-- সচিব এবং উপ-- সচিব পদমর্যাদার কর্মকর্তার পদে রদবদলের কথা জানানো হয়।
বিসিএস শিক্ষা ক্যডারের পাঁচ কর্মকর্তাকে বদলী এবং চার জেলার চারজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবু তালেব মিয়াকে উপ--আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ--পরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত সমাজ কল্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামাল মোস্তফাকে মানব উন্নয়নের জন্য সাক্ষরাত্তোর ও অব্যাহত শিক্ষা প্রকল্প--২ এর উপ--পরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামীর ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ আবু বকর, কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান এবং বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোসাদ্দেক হোসেনকে মানব উন্নয়নের জন্য সাক্ষরাত্তোর ও অব্যাহত শিক্ষা প্রকল্প--২ এর সহকারি পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে যে চার জন অতিরিক্ত জেলা প্রশাসককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে তারা হলেন বগুড়ার সন্তোষ কুমার অধিকারী, ঝালকাঠির জ্যোর্তিময় বর্মণ, ঝিনাইদহের মেজবাহুল ইসলাম এবং সিরাজগঞ্জের দুলাল কৃষ্ণ সাহা।
