জরুরি অবস্থা ঘোষণাকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই
এফবিসিসিআই শুক্রবার বিকেলে চেম্বার ভবনে এক জরুরি বোর্ড সভায় জরুরি অবস্থা জারিকে স্বাগত জানিয়েছে।
শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি মনে করে, জরুরি অবস্থা ঘোষণায় অর্থনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটবে। এছাড়া সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথকে সুগম করবে।
সভায় আশা প্রকাশ করা হয়, রাজনৈতিক সঙ্কটের কারণে বন্দরের যে জটের সৃষ্টি হয়েছে তা অচিরেই দূর হয়ে যাবে।
তারা সরকারের কাছে আহ্বান জানান, ২৪ ঘণ্টা কাজ করে হলেও যেন বন্দরের এ পরিস্থিতির উন্নতি ঘটানো হয়।
তারা বন্দরের সংশ্লিষ্ট সরকারি অফিস সমূহের কার্যক্রম বন্ধের দিনও চালু রাখার আহ্বান জানান।
এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদসহ অন্যান্য পরিচালক এবং শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
