২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগের চার আসনে বিদ্রোহীরা হাড্ডাহাড্ডি লড়াই করবে

নির্বাচন থেকে মহাজোট প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও সিলেট বিভাগের চারটি আসনে চার দলীয় জোটের প্রার্থীরা বিদ্রোহের মুখে পড়ছেন। জোট প্রার্থীদের চ্যালেঞ্জ করে মাঠে নামা বিদ্রোহী প্রার্থীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে এই চারটি আসনে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটারদের ধারণা চারটি আসনের মধ্যে একাধিক আসনে জোট প্রার্থীরা ধরাশায়ী হতে পারেন বিদ্রোহী প্রাথীদের কাছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 01:12 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

জানা যায়, সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সিলেট-১ আসনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে নজির হোসেন হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত ও মৌলভীবাজার-২ আসনে এম.এম. শাহীন ইতোমধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিলেট-৩ আসনে চারদল প্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরীকে চ্যালেঞ্জ করে মাঠে নেমেছেন কেন্দ্রীয় যুবদলে নেতা কাইয়ুম চৌধুরী। এ আসনে আরও একাধিক প্রার্থী রয়েছেন। তবে  মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শফির ধানের শীষ ও বিদ্রোহী প্রার্থী কাইয়ুম চৌধুরীর আমের মধ্যে। তার প্রতি সাইফুর রহমানের দোয়া রয়েছে বলে জানাচ্ছেন কাইয়ুম নিজেই ।

সিলেট-৬ আসনে জোটের প্রার্থী সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানকে চ্যালেঞ্জ করে ভোট যুদ্ধে নেমেছেন এ আসন থেকে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া বিএনপি নেতা ড. সৈয়দ মকবুল হোসেন। ২০০১ সালেও তিনি ঘড়ি মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন । এবার দাঁিড়পাল্লাকে মোকাবেলা করছেন বক প্রতীক নিয়ে। এলাকায় মকবুল হোসেনের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে । এছাড়াও শরিকদের আসনটি ছেড়ে দেওয়ায় হতাশ বিএনপি নেতাকর্মীরাও।

বিদ্রোহীদের চ্যালেঞ্জর মুখে পড়ছেন সুনামগঞ্জ-৫ আসনে জোট প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন। তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান। এ আসনে তার ডাব প্রতীকের পক্ষে ইতোমধ্যে বেশ সাড়া দেখা গেছে।

হবিগঞ্জ-৪ আসনে চারদলের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের একাংশের মহাসচিব আহমেদ আবদুল কাদির। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপি’র সভাপতি ও শিল্পপতি সৈয়দ মো. ফয়সল।