ঢাকায় তারকা প্রার্থীদের মধ্যে ফালু সবচেয়ে ধনী
রাজধানীতে বিএনপির তারকা ছয় প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী হলেন মোসাদ্দেক আলী ফালু।
নির্বাচনের প্রার্থীদের আয়ের উৎস ও সম্পত্তির হিসাব জানানোর শেষ দিনে বুধবার অন্যান্য প্রার্থীদের সঙ্গে বিএনপির ঢাকা মহানগরীর ছয় তারকা প্রার্থীও তাদের এ সব তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
এই ছয় প্রার্থী হলেন, আলহাজ্ব মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু (ঢাকা - ১০), মির্জা আব্বাস ( ঢাকা - ৬), আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু (ঢাকা - ৮), আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ ( ঢাকা - ৪), এখলাস উদ্দিন মোল্লা (ঢাকা - ১১) এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন ( ঢাকা - ৯)।
দৈনিক আমার দেশ ও এনটিভির মালিক সাবেক এমপি মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার জোয়ার সাহারা, তেঁজকুনীপাড়া, বাড্ডা এবং ধামরাই এ তার ২ কোটি ৯৮ লাখ টাকার জমি আছে।
ঢাকায় তাঁর পাঁচটি বহুতল বাড়ির দাম ৪ কোটি ৪১ লাখ টাকা। তার শেয়ার আছে ২৮ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ১৭৩ টাকার। এর মধ্যে দৈনিক আমার দেশে ৫ কোটি ২০ লাখ এবং এনটিভিতে ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার আছে। এছাড়া ২০ লাখ ৯০ হাজার টাকার সঞ্চয় রয়েছে। জমি ও গাড়ি কেনা বাবদ তাঁর ঋণ ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার ৮৯০ টাকার।
সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের সঞ্চয়ের পরিমান ২ লাখ টাকা। বিএনপি থেকে বছরে তিনি সন্মানী পান ১ লাখ টাকা। মন্ত্রী হিসেবে তাঁর এক বছরে প্রাপ্ত বেতন ৬ লাখ টাকা। গাড়ি কেনার জন্য তিনি ৮৭ লাখ ৬০ হাজার ৭৫৫ টাকার ঋণ নিয়েছেন। ২০০৬ - ২০০৭ কর বছরে তাঁর নিট সম্পত্তি হচ্ছে ১ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৯২৪ টাকা।
গত বছর ২০ জুনের হিসেব অনুযায়ী, বেতন, কৃষি ও অন্যান্য খাত থেকে বছরে তাঁর আয় হয় ৩৩ লাখ ৭৬ হাজার ১৪০ টাকা। তিনি কর দেন ৫ লাখ ২৪ হাজার ২৩৫ টাকা।
সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ২ দশমিক ৯৩ একর জমি রয়েছে। এর দাম ১ কোটি ৫২ লাখ টাকা। গত কর বছরে ব্যবসা ও অন্যান্য খাত থেকে তার মোট আয় হয় ৩ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকা।
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের আয়ের উৎস ব্যবসা, বাড়ি ভাড়া ও সাংসদ ভাতা। বছরে তিনি আয় করেন ৫ লাখ টাকা। তাঁর ব্যয় হয় ৩ লাখ টাকা।
ঢাকায় তাঁর ৫ লাখ টাকার ৪ একর জমি, ২ লাখ টাকার একটি ট্রাক ও ৫৪ হাজার ৬৭২ ডলার দামের একটি জিপ রয়েছে।
এখলাস উদ্দিন মোল্লার চলতি কর বছরে নিট সম্পত্তির দাম ১ কোটি ৫২ লাখ টাকা। গত কর বছরে তিনি আয়কর জমা দেন ৪ লাখ ১৪হাজার টাকা। গত কর বছরে একটি মার্কেট ও পল্লবীর দুটি বাড়ি বাবদ তাঁর গৃহ সম্পত্তি ছিল ২১ লাখ ১৭ হাজার ৭৮৪ টাকার।
