নির্বাচন বাতিল বা পেছানোর ক্ষমতা কারোরই নেই: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “২২ তারিখের নির্বাচন পেছানো বা বাতিলের ক্ষমতা কারোরই নেই। ভরাডুবি হবে জেনে তারা নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছে। জনগণের কাছে আত্মসর্মপণ করে তারা এখন ঘরের ভেতর ঢুকে গেছে।”
নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “এরই মধ্যে ১৭ জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ২২ জানুয়ারি নির্বাচন হতেই হবে।”
বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া ভোট গ্রহণের দিন ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,“শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে। সেনাবাহিনী আজ থেকে মাঠে নেমেছে, ভয় পাওয়ার কিছু নেই। পবিত্র সংবিধানকে রক্ষা করতে আপনারা ভোট দিন।”
তিনি বলেন,“যারা নির্বাচন থেকে সরে গেছে, তারা নির্বাচন বানচালকারী। তারা অবরোধ ডেকে দেশের মানুষের এবং অর্থনীতির ক্ষতি করছে।”
পদুয়ার বাজার উপজেলা বিএনপি সভাপতি এএসএম আলী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের ড. খন্দকার মোফাররল সহসভাপতি রাবেয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব হারিস চৌধুরী, কুমিল্লা--১২ আসনের চারদলীয় জোটের প্রার্থী (জামায়াত) সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কুমিল্লা--৯ আসনের প্রাথী (বিএনপি) মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-- ১০ আসনের প্রার্থী (বিএনপি) গফুর ভূঁইয়া প্রমুখ।
এর আগে দুপুর সাড়ে ১২টায় চান্দিনা পালকি সিনেমা হলের পাশের পথসভায় নির্বাচন বর্জনকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, “যারা গণতন্ত্র চায় না তারাই নির্বাচন প্রতিহত করতে চায়।”
এসময় কুমিল্লা--৬ (চান্দিনা) আসনের ৪ দলীয় জোট প্রার্থী খোরশেদ আলমকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি আহবান জানান।
সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়ে তিনি প্রথম এখানে পথসভায় বক্তব্য রাখেন।
এই সড়ক পথে কাঁচপুর সেতু, দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ ও চান্দিনার বিভিন্ন এলাকায় রাস্তার দুই ধারে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায়।
চান্দিনার পথসভায় খালেদা জিয়া ২২ জানুয়ারি নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, “এ নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন।”
তিনি ১৪ দলের অবরোধ কর্মসূচির সমালোচনা করে বলেন, তারা অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করছে। মানুষকে জিম্মি করে তারা দেশকে পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি তার সরকারের আমলের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছি। পুরো দুনিয়াতেই এখন বাংলাদেশ মর্যাদার আসন পেয়েছে। কিন্তু একটি গোষ্ঠী এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
