২০ দিনের জন্য গ্রেপ্তারের ক্ষমতা পেল ৬০ হাজার সামরিক সদস্য
শৃঙ্খলা রক্ষার জন্য গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে বুধবার থেকে ২০ দিনের জন্য সারাদেশে প্রায় ৬০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, সশস্ত্র বাহিনী এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার করার পাশাপাশি আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আইন অনুযায়ী তাদেরকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে। তবে ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে না।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীকে কেন দু’একদিনের বদলে দীর্ঘ সময়ের জন্য গ্রেপ্তার সংক্রান্ত ওই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে, তা জানতে চাওয়া হলে মাহফুজুর রহমান বলেন,“গতবারের চেয়ে এবারের পরিস্থিতি ভিন্ন।”
নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধরী নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচনে মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কোনো বিচারিক ক্ষমতা থাকছে না। তারা পরিচালিত হবেন ম্যাজিস্ট্রেটের অধীনে। তবে দুস্কৃতকারীদের তারা হাতেনাতে গ্রেপ্তার করতে পারবেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহসীন মঙ্গলবার সাংবাদিকদের জানান, সেনা বাহিনীর সদস্যরা বুধবার থেকে নির্বাচন কমিশনের অধীনে নিয়ন্ত্রিত হবেন। কমিশনের অধীনে থেকে নিয়মিত বাহিনীর সঙ্গে তারাও বিভিন্ন অভিযানে অংশ নেবেন।
তিনি আরও জানান, বিচারিক ক্ষমতা না থাকায় তারা শুধুমাত্র পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করে দৃস্কৃতিকারীকে পুলিশে সোপর্দ করবেন।
২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কতো জন বিডিআর, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হচ্ছে, তা কোনো সূত্রই তা নিশ্চিত করে বলতে পারেনি।
তবে নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, এবার নির্বাচনে প্রতি জেলায় গড়ে ৮০০ থেকে এক হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন হচ্ছে। পার্বত্য ও বিভিন্ন দ্বীপাঞ্চলের দুর্গম এলাকার জন্য সামরিক হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে। র্যাবও হেলিকপ্টার নিয়ে টহল দেবে।
এছাড়া নির্বাচনের বাজেট ১০০ কোটি টাকা হলেও আইন -- শৃঙ্খলা খাতে কমিশনের ব্যয় বাড়বে বলে শেষ পর্যন্ত তা দেড়শ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে কমিশনের সূত্র জানায়।
