২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না : মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না। ২২তারিখে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নরসিংদীর মাধবদী সিএমবি ইন্সটিটিউশন মাঠে শনিবার বিকেলে মিলাদ মাহফিলপূর্ব এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনকে ভয় পায়। ভরাডুবি ঘটবে বুঝতে পেরে তারা নির্বাচনের শেষ মূহুর্তে পিছুটান দিয়েছে।।

মহাজোটের নির্বাচন বর্জন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ গনতন্ত্র বিশ্বাস করে না। তারা যখন ক্ষমতায় ছিল, তখন এক দলীয় শাসন কায়েম করেছিল।

গত পাঁচ বছরে চার দলীয় জোট সরকারের উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে তিনি আবারো ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি নির্বাচিত হলে নরসিংদীর উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

সাবেক সাংসদ খায়রুল কবির খোকন দলীয় মনোনয়ন নিয়ে সংঘঠিত ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, আমাদের সকলের নেতা মান্নান ভূঁইয়া। তাকে বিপুল ভোটে বিজয়ী করতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। 

শহর বিএনপির আহবায়ক সাবেক সাংসদ খাইরুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহউদ্দিন ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক বিডি রশীদ নওশের, সুলতান উদ্দিন মোল্লা, সাবেক মহিলা সাংসদ রোকেয়া আহমেদ লাকী, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আদেল বক্তব্য রাখেন। 

আসন্ন সংসদ নির্বাচনে মান্নান ভূঁইয়া চার দলীয় জোটের প্রার্থী হিসেবে নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহাজোট নির্বাচন বর্জন করলেও এই দুই আসনে অন্য দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেনি।